কয়রায় ১০ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ, নতুন রাস্তা উদ্বোধন করলেন সংসদ সদস্য
বুধবার (২৮ অক্টোবর) খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠান শেষে ইউএনও আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ১০ জন সুবিধাবঞ্চিত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়। উত্তর বেদকাশি ইউনিয়নে নবনির্মিত একটি ইটের রাস্তার ফলক উন্মোচন করে তা উদ্বোধন করেন সংসদ সদস্য। রাস্তার উদ্বোধনে তিনি নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী যোগাযোগব্যবস্থার উন্নয়ন আরও ত্বরান্বিত করার কথা বলেন।#Koyra #Khulna #HandWashingDay #LocalNews #MeehaNews

খুলনার কয়রায় বুধবার (২৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া, ১০ শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ ও একটি নতুন রাস্তা উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন।
দিনের শুরুতে সংসদ সদস্য (এমপি) কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তিনি চিকিৎসাসেবার মান, ওষুধের পর্যাপ্ততা ও পরিবেশের পরিচ্ছন্নতা ঘুরে দেখেন। চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। সাধারণ মানুষ যাতে ভোগান্তি ছাড়া উন্নত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে চিকিৎসক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
এরপর উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনের এ অনুষ্ঠানে তিনি বলেন, ‘স্বাস্থ্য সচেতনতা জোরদারে দৈনন্দিন জীবনে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।’
অনুষ্ঠান শেষে একই স্থানে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও মেধাবী ১০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সংসদ সদস্য শিক্ষার্থীদের হাতে সাইকেলগুলো তুলে দেন। ইমতিয়াজ মাহমুদ নামে এক শিক্ষার্থী বলে, ‘দূরে হওয়ায় স্কুলে যাতায়াতে আমার অনেক কষ্ট হতো। আজ সাইকেলটি পেয়ে খুব ভালো লাগছে, এখন থেকে সহজেই নিয়মিত স্কুলে যাওয়া-আসা করতে পারব।’

দিনের শেষ দিকে সংসদ সদস্য উত্তর বেদকাশি ইউনিয়নে গিয়ে নবনির্মিত একটি ইটের রাস্তার ফলক উন্মোচন করে তা উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি বলেন, ‘গ্রামাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি আমার নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতির অংশ হিসেবে যোগাযোগব্যবস্থার উন্নয়ন আরও ত্বরান্বিত করব ইনশাআল্লাহ।’ রাস্তাটি সবার চলাচলের জন্য উন্মুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
কর্মসূচিগুলোতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





