বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় একটি পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা রুখে দিয়েছেন বনরক্ষীরা। শনিবার রাত ৯টার দিকে শরণখোলা রেঞ্জের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে রাখা জাহাজ ‘দি ওয়েভ-২’-এর দিকে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত ফিশিং ট্রলার এগিয়ে আসতে দেখে স্থানীয় জেলেরা বনরক্ষীদের খবর দেন।
খবর পেয়ে কটকা অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ট্রলারটির পিছু নেন। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি পালানোর চেষ্টা করলে তাদের লক্ষ্য করে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর হাসান ইমরান জানান, গুলির মুখে ট্রলারটি গতিপথ পাল্টে দ্রুত গভীর সাগরের দিকে পালিয়ে যায়, ফলে পর্যটকবাহী জাহাজের কাছাকাছি পৌঁছাতে পারেনি দুর্বৃত্তরা।
ঘটনার সময় কটকা এলাকায় ‘দি ওয়েভ-২’ ছাড়াও ‘আরালসী’ নামের আরেকটি পর্যটকবাহী জাহাজও অবস্থান করছিল। দুই জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক ছিলেন বলে জানান ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম। ঘটনার পর পর্যটকদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও বনরক্ষীদের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, কটকার মতো জনপ্রিয় পর্যটন এলাকায় পর্যটকবাহী জাহাজ লক্ষ্য করে দুর্বৃত্তদের এভাবে এগিয়ে আসার ঘটনা এর আগে ঘটেনি, যা অত্যন্ত উদ্বেগজনক। সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ার কথাও জানান তিনি। উল্লেখ্য, গত জুনে সুন্দরবনের শিবসা নদী এলাকায় ভারতগামী একটি পণ্যবাহী জাহাজে ডাকাত দলের গুলিবর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটেছিল।















মন্তব্য করুন