চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, ৭ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের করিমগঞ্জে চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে সাতজনের যাবজ্জীবন হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে; ১১ আসামির মধ্যে খালাস পেয়েছেন চারজন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ঘটনার দিন রাতেই জ্যোৎস্নার মৃত্যু হয়; মামলা করেন তাঁর স্বামী হাবিবুর রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ জহির উদ্দিন রায় ঘোষণা করেন।#Kishoreganj #CourtVerdict #LifeImprisonment #MeehaNews

কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন মঞ্জিল মিয়া (৬৫), তাঁর দুই ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), শহিদ (৫৫), মাহবুব (৩৫), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)। মামলার অপর চার আসামি খালাস পেয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়ায় একই সীমানার বাড়িতে থাকতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। প্রতিবেশী কলি আক্তারের চুলার ধোঁয়া জ্যোৎস্নার ঘরে ঢুকত। চুলাটি সরিয়ে নিতে তিনি একাধিকবার অনুরোধ করেও ফল পাননি।
২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি এ নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার ও মঞ্জিল মিয়ার সঙ্গে জ্যোৎস্নার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে অন্য আসামিরাও জড়ো হন। তাঁরা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করেন। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।
স্বজন ও স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নেন। জ্যোৎস্নার অবস্থার অবনতি হলে তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর জ্যোৎস্নার স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাতজনকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেন।





