ইজিবাইক উল্টে নারী চিকিৎসক নিহত, আহত স্বামী
পটুয়াখালীর কুয়াকাটায় শনিবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে চিকিৎসক নাবিলা নুসরাত (৩২) নিহত হন। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজিতে এমডি করছিলেন। তাঁর স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ আহত হয়েছেন। শুভের ভাষ্য, চাকার নিচে বিড়াল চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান। কলাপাড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাবিলাকে মৃত ঘোষণা করেন।#Kuakata #Patuakhali #RoadAccident #Bangladesh #MeehaNews

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বেড়াতে এসে ইজিবাইক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নাবিলা ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রির জন্য পড়ছিলেন। শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ঢাকা থেকে স্বামী ও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় আসেন নাবিলা। তাঁরা একটি আবাসিক হোটেলে রাত কাটান। শনিবার বিকেলে ইজিবাইকে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার দেখতে যান। সন্ধ্যায় ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং একটি গাছে ধাক্কা খায়। যাত্রীরা ছিটকে পড়েন। ইজিবাইকের নিচে নাবিলার মাথা চাপা পড়ে।
শুভ জানান, ইজিবাইকের চাকার নিচে একটি বিড়াল চলে এলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি উল্টে যায়। তাঁর স্ত্রীসহ অন্যরা আহত হন। স্থানীয়রা নাবিলাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াছ তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তাঁর স্বামী পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





