মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবা ও ১ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে জেলা ডিবি পুলিশ ২ হাজার ১৫ পিস ইয়াবা ও ১ লাখ টাকাসহ রুবেল বেপারী (২৯) ও এমাদুল দফাদারকে (৩৮) গ্রেপ্তার করেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬ হাজার টাকা। আটক দুজনকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।#Pirojpur #Mathbaria #Yaba #DBPolice #MeehaNews

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধানীসাফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মোজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৯) এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের মৃত আমির হোসেন দফাদারের ছেলে এমাদুল দফাদার (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডিবির উপপরিদর্শক (এসআই) মুস্তফা শওকত জামান ও এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি দল শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাফা বাজারে যায়। মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনক অবস্থায় থাকা দুজনকে তল্লাশি করা হয়। রুবেলের জিন্সের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো সাতটি পোটলা ও ১ লাখ টাকা পাওয়া যায়। পোটলা খুলে ২ হাজার ১৫ পিস ইয়াবা মেলে। পুলিশের হিসাবে এর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।
পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে একটি চক্র বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
পিরোজপুর জেলা ডিবির ওসি হোসেন আল মাহাবুব জানান, তাঁদের একটি দল শনিবার রাতে সাফা বাজার থেকে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাঁদের মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।





