রূপগঞ্জে মাদকের প্রতিবাদ করায় এপিবিএন সদস্যের হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ নভেম্বর রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য আবুল কালামের (৩৫) ওপর হামলা হয়। ছুটিতে বাড়িতে গিয়ে তিনি হামলার শিকার হন। পরিবারের অভিযোগ, ১০-১৫ জন তাঁর হাত-পা ভেঙে ডান পায়ের রগ কেটে দেয়। শাহজালাল নামে একজনের ফোনে তিনি বাইরে গিয়েছিলেন। পরিবারের দাবি, মাদকবিরোধী অবস্থানের কারণে তিনি হুমকি পাচ্ছিলেন। রূপগঞ্জ থানার ওসি জানিয়েছেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#Rupganj #Narayanganj #APBn #DrugsProtest #MeehaNews

মাদক ব্যবসার প্রতিবাদ করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত আবুল কালামের (৩৫) পরিবারের অভিযোগ, মাদক কারবারিরা এ হামলা চালিয়েছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রূপগঞ্জের তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় ঘটনাটি ঘটে। ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন আবুল কালাম।
পরিবারের ভাষ্য, তিনি দীর্ঘদিন মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন। গত মাসে মাসাবো এলাকার দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করেন। এরপর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার রাতে শাহজালাল নামে একজন ফোন করে তাঁকে ডেকে নেন। এরপর শাহজালালসহ ১০-১৫ জন তাঁর ওপর হামলা চালায় বলে পরিবারের অভিযোগ।
আবুল কালামের বাবা আব্দুল মালেক বলেন, হামলা ছিল পূর্বপরিকল্পিত। দুর্বৃত্তরা ছেলের ডান হাত ও বাম পা ভাঙে। তিনি মাটিতে পড়ে গেলে ডান পায়ের রগ কেটে দেয়।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত আবুল কালামকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ছুটিতে গ্রামের বাড়িতে এসে পুলিশ সদস্য আবুল কালাম মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





