মজুরি আন্দোলনে উসকানির অভিযোগে আশুলিয়ায় ৩ শ্রমিক নেতা আটক
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবির আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে ডিবি। মঙ্গলবার সন্ধ্যায় জিরাবো ও বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. আ. হালিম, মো. শামীম ও মো. মনসুর আলী। তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির ওসি।#Ashulia #GarmentWorkers #WageMovement #MeehaNews

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগে সাভারের আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম রাতে বিষয়টি নিশ্চিত করেন।
আটক তিনজন হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭), বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।
ওসি সাইদুল ইসলাম জানান, যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। জিরাবো এলাকা থেকে শামীমকে এবং বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে হালিম ও মনসুরকে ধরা হয়। তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি।
আশুলিয়ায় কয়েক দিন ধরে পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের পাশাপাশি তাঁদের দাবির তালিকায় আছে কালো তালিকাভুক্ত করা ও ছাঁটাই বন্ধ। সোমবার নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রমিকপক্ষের দাবি, এর আগে রোববার নিউ এইজ পোশাক কারখানার দুই শ্রমিককে পুলিশ আটক করেছে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন বলেন, এর প্রতিবাদেই বিক্ষোভ হচ্ছে।
পুলিশের ভাষ্য, সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এরপরও ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটছে। এক পুলিশ সুপারের দাবি, সোমবার একদল শ্রমিক কারখানা থেকে বেরিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় দুজনকে আটক করা হয়, মঙ্গলবারও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক তিন শ্রমিক নেতার পক্ষ বা তাঁদের সংগঠনগুলোর প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।





