কলম্বিয়ায় সেনা স্থাপনার কাছে বিস্ফোরকভর্তি ট্রাকে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৪
রোববার রাতে টলিমা প্রদেশের প্লানাদাসে সামরিক স্থাপনার কাছে বিস্ফোরকভর্তি ট্রাক বিস্ফোরণে অন্তত চারজন নিহত হন। নিহতদের একজন দুই মাস বয়সী শিশু। এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। গত আগস্টে প্লানাদাসে ড্রোন হামলার জন্য সামরিক কর্মকর্তারা ফার্কের গেরিলা নেটওয়ার্ককে দায়ী করেছিলেন।#Colombia #Tolima #Planadas #Bombing #MeehaNews

কলম্বিয়ার টলিমা প্রদেশের প্লানাদাসে একটি সামরিক স্থাপনার কাছে বিস্ফোরকভর্তি ট্রাকের বিস্ফোরণে দুই মাস বয়সী এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আঞ্চলিক কর্তৃপক্ষ আজ সোমবার (২ নভেম্বর) বিষয়টি জানিয়েছে।
টলিমার গভর্নর আদ্রিয়ানা মাগালি মাতিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান, প্লানাদাসের হামলায় প্রাথমিকভাবে চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন মাত্র দুই মাস বয়সী শিশু। তিনি বিস্ফোরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।
কলম্বিয়ার সেনাবাহিনীর পঞ্চম ডিভিশন হামলার নিন্দা জানিয়েছে। তারা একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করে। সেনাবাহিনীর ভাষ্য, হামলায় বেসামরিক মানুষের নিরাপত্তা উপেক্ষা করা হয়েছে এবং ওই এলাকায় দায়িত্বরত সেনাসদস্যরাও ঝুঁকিতে পড়েছেন।
এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
বিপ্লবী সশস্ত্র বাহিনী অব কলম্বিয়া (ফার্ক)-এর বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে টলিমা প্রদেশ দীর্ঘদিন ধরে অস্থির। গত আগস্টে প্লানাদাসে ড্রোন হামলা হয়েছিল। তখন সামরিক কর্মকর্তারা ওই হামলার জন্য ফার্কের গেরিলা নেটওয়ার্ককে দায়ী করেন। নতুন এ ঘটনায় এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি





