ব্ল্যাকমেইলের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গণপিটুনি
বরিশালের উজিরপুরে শনিবার (৭ নভেম্বর) রাতে বায়জীদ হোসেন মিঠুকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। তিনি উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। স্থানীয়দের অভিযোগ, তিনি নারীদের অজান্তে আপত্তিকর ভিডিও ধারণ করতেন এবং তা দিয়ে ব্ল্যাকমেইল করতেন। পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। ওসি জানিয়েছেন, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#Ujirpur #Barishal #MobBeating #Blackmail #MeehaNews

বরিশালের উজিরপুরে নারীদের অজান্তে আপত্তিকর ভিডিও ধারণ ও সেসব ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে বায়জীদ হোসেন মিঠু নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ-সংলগ্ন একটি বাড়িতে ঘটনাটি ঘটে। বায়জীদ হোসেন মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে বাসাবাড়িতে থাকা নারীদের অজান্তে তিনি আপত্তিকর ভিডিও ধারণ করতেন। পরে সেসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে নারীদের অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করতেন। স্থানীয়রা দাবি করেছেন, তাঁর মুঠোফোনে কয়েক শ নারীর গোপন ভিডিও পাওয়া গেছে। ঘটনার সময় তাঁকে হাতেনাতে আটক করা হলে এলাকায় উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাঁকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। খবর পেয়ে উজিরপুর থানা-পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হেফাজতে নেয়।
স্থানীয়দের আরও অভিযোগ, মিঠুর বিরুদ্ধে মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নিয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





