জমির বিরোধে নিয়ে সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মুজিবনগরের সোনাপুর গ্রামের বাজারপাড়ায় ছয় কাঠা জমি নিয়ে সংঘর্ষে তহুরা খাতুন (৬০) নিহত হন। তাঁর দুই ছেলে হানিফ মহলদার ও রহমান মহলদার গুরুতর আহত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জমির বিরোধ নিয়ে দুই পক্ষের একাধিক মামলা আদালতে বিচারাধীন; আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষার অভিযোগ করেছেন নিহতের মেয়ে। পুলিশ বলেছে, জড়িতদের গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে।#Meherpur #Mujibnagar #LandDispute #BangladeshNews #MeehaNews

মেহেরপুরের মুজিবনগরে ছয় কাঠা জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তহুরা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। তাঁর দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর গ্রামের বাজারপাড়ায় ঘটনাটি ঘটে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ওই জমি নিয়ে তহুরা খাতুনের ছেলেদের সঙ্গে তাঁদের চাচাতো ভাইদের দীর্ঘদিন বিরোধ চলছিল। গ্রামে একাধিকবার সালিস হয়েছে। সমাধান না হওয়ায় দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলা করেছে, যা এখন আদালতে বিচারাধীন। আজ সকালে এক পক্ষ বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করে। তহুরা খাতুনের ছেলেরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় তহুরা খাতুন নিহত হন।
নিহতের মেয়ে মিনা খাতুনের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসলাম মহলদার সকালে ওই জমিতে বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়া শুরু করেন। তাঁর দুই ভাই হানিফ মহলদার ও রহমান মহলদার বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা হয়। ছেলেদের রক্ষা করতে মা এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকেও আক্রমণ করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত হানিফ ও রহমান এখন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুত তাঁদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।





