শেখ হাসিনার নির্দেশে রাস্তায় না নামার আহ্বান এমপি জাহান্দার আলীর
মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া শিবচরে বিএনপির যৌথসভায় শেখ হাসিনার নির্দেশে কেউ যেন রাস্তায় না নামেন, সে আহ্বান জানান। সভাটি কেন্দ্রীয় কর্মসূচি সফল করা এবং নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করলে তাদের পোশাক খুলে নেওয়া হবে। ২৮ নভেম্বর গোপালগঞ্জে অবস্থানের কথাও জানান। শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান সভাপতির বক্তব্যে নাশকতা প্রতিহতের কথা বলেন।#Madaripur #Shibchar #BNP #SheikhHasina #MeehaNews

শেখ হাসিনার নির্দেশে কেউ যেন রাস্তায় না নামেন, এই আহ্বান জানিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) জাহান্দার আলী মিয়া। শেখ হাসিনাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তিনি বলেন, ১৪০০ জনকে হত্যা করে হাসিনা নিজের আত্মীয়স্বজন নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় মাদারীপুরের শিবচর পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর শাখার যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে এ সভা হয়।
জাহান্দার আলী বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিবচরের শান্তিশৃঙ্খলা রক্ষা ও যেকোনো নাশকতা ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘সন্ত্রাসী আওয়ামী লীগের’ সঙ্গে আঁতাত করলে তাদের গায়ের পোশাক খুলে নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি জানান, আগামী ২৮ নভেম্বর মাদারীপুর জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে তিনি গোপালগঞ্জে অবস্থান করবেন। সেখানে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন। পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে নিরীহ মানুষ হত্যার বিচারের রায় কার্যকর করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান এমপি।
সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা। শাহাদাত হোসেন বলেন, শিবচরে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে। গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন বলেও তিনি জানান। তাঁর ভাষ্য, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না এবং বন্দুক বা গুলির ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না।
বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জহের গোমস্তা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. হান্নান মিয়া, পৌর বিএনপির সদস্যসচিব আজমল হোসেন খান সেলিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান। অতিথিরা কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার এবং রাজপথে সতর্ক থাকার আহ্বান জানান।





