মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী: উন্নয়ন বরাদ্দের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। তিনি নির্দেশ দেন, বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় হয়। কর্মকর্তাদের তিনি সরকারি দায়িত্বকে মানুষের জন্য কাজ করার…

উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় হয়, এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানিয়েছেন (বাসস)।
হাসান শিপলুর বরাতে জানা গেছে, সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রীকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রণালয় অনেক প্রকল্প হাতে নিয়েছে এবং অনেক লক্ষ্য ঠিক করেছে। লক্ষ্য অর্জনে সরকার বাজেট বরাদ্দ দেবে, কিন্তু এটি জনগণের অর্থ। তিনি আশা করেন, এ অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে ব্যয় হয়।
সরকারি দায়িত্বকে মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান তারেক রহমান। তাঁর ভাষ্য, দেশের মোট জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে আছেন। এই সুযোগ সব সময় থাকে না, তাই যিনি যখন যে দায়িত্বে আছেন, তাঁকে সেই সুযোগ দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দিতে বলেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতে মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে আবার আলোচনা হবে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোয় কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন।
সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




