মেয়ের বাড়ি আর যাওয়া হলো না মায়ের, সড়ক দুর্ঘটনায় ঝরল প্রাণ
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালাইয়ের পুনট কোল্ড স্টোরেজের নান্দাইল দিঘী মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় নুরবানু নিহত হন। মেয়ের বাড়ি যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। মোটরসাইকেলচালক আব্দুর রাজ্জাক নিজের কোনো দোষ নেই বলে দাবি করেছেন। পরিবারের অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।#Joypurhat #Kalai #RoadAccident #MeehaNews

জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নুরবানু নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মেয়ের বাড়ি যাচ্ছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুনট কোল্ড স্টোরেজের নান্দাইল দিঘী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নুরবানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়াত আলীর মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দাইল দিঘীর দিকে যেতে রাস্তা পার হচ্ছিলেন নুরবানু। এ সময় সিরাজগঞ্জ থেকে জয়পুরহাটগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের জামাতা এনামুল জানান, সকালে নান্দাইল দিঘী চকমুড়লী এলাকায় তাঁদের বাড়িতে আসছিলেন শাশুড়ি নুরবানু।
মোটরসাইকেলচালক আব্দুর রাজ্জাক বলেন, কাজের প্রয়োজনে তিনি সিরাজগঞ্জ থেকে জয়পুরহাট যাচ্ছিলেন। পুনট কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে এক নারী হঠাৎ রাস্তায় উঠে আসেন। হর্ন বাজালেও তিনি শুনতে পাননি। এতে তাঁর কোনো দোষ নেই বলে দাবি করেন চালক।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিধি মোতাবেক তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





