আওয়ামী লীগ করা ভদ্র ঘরের ছেলেদের কাজ নয়: হুইপ দুলু
সোমবার (২৩ নভেম্বর) নাটোর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু আওয়ামী লীগকে ‘টেরোরিস্ট রাজনৈতিক দল’ বলেন। তাঁর দাবি, আগুন দিয়ে মানুষ হত্যার রাজনীতি বিএনপি, তারেক রহমান বা খালেদা জিয়া করেন না। সরকার ও বিরোধীদের মধ্যে মতভেদ থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতভেদ নেই, এ কথাও বলেন তিনি। ডিসেম্বর মাসজুড়ে নাটোরের মানুষকে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।#Natore #BNP #AwamiLeague #Dulu #MeehaNews

কোনো ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশের আগে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে শেষ হয়।
বক্তব্যে দুলু বলেন, ‘বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের একটা টেরোরিস্ট (terrorist) রাজনৈতিক দল।’ তাঁর অভিযোগ, দলটির লোকজন আগুন দিয়ে মানুষের বাড়ি পোড়ায়, যানবাহনে আগুন দিয়ে মানুষ মারে। এমন লোক কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
দুলু আরও বলেন, ১৭ বছর ধরে নাটোরসহ সারা দেশের মানুষকে জিম্মি করে রাখা এই দলের বিরুদ্ধেই আজ তাঁদের রাস্তায় নামতে হয়েছে। সন্ত্রাস, অগ্নিকাণ্ড ও মানুষ পোড়ানোর রাজনীতি বিএনপি করে না, দলের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানও করেন না, খালেদা জিয়াও কখনো করেননি বলে দাবি করেন তিনি।
সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতভেদ নেই বলে মন্তব্য করেন দুলু। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা কয়েক দিন আগে সংসদে এ কথা বলেছেন।
দুলু বলেন, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দল যেভাবে ৫ আগস্ট ‘ফ্যাসিস্টকে’ ক্ষমতা থেকে নামিয়েছে, দেশের মানুষ ঠিক সেভাবেই আওয়ামী লীগকে মোকাবিলা করবে। ডিসেম্বর বিজয়ের মাস, এই মাসজুড়ে নাটোরের মানুষকে নিয়ে তাঁরা রাজপথে থাকবেন বলেও জানান তিনি।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।





