আগুন নেভানোর সময় দেয়াল ধসে পড়ে আহত দুই ফায়ার ফাইটার
লালবাগের ইসলামবাগ এলাকায় প্লাস্টিক কারখানার আগুন নেভানোর পর দেওয়াল ধসে দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতরা জয় রায় (৩২) ও আজহারুল ইসলাম (২৬)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের ভাষ্য, চিকিৎসকেরা তাঁদের আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মালামাল গুছিয়ে সরানোর সময়, আগুন নিয়ন্ত্রণে আসার পর।#Lalbagh #FireService #Dhaka #FactoryFire #MeehaNews

রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নেভানোর পর দেওয়াল ধসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই কর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল ইসলাম (২৬)।
আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লালবাগ থানার ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, লালবাগের বেড়িবাঁধ এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। নেভানোর কাজ শেষ হওয়ার পরপরই মালামাল গুছিয়ে অন্য জায়গায় সরানো হচ্ছিল। তখন হঠাৎ একটি দেওয়াল ধসে ফায়ার ফাইটারদের মাথায় ও শরীরে পড়ে।
শাহজাহান শিকদার বলেন, দুজনই ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত দুজন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।





