ঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে রাস উৎসব শুরু আজ
ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা কাটিয়ে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে তিন দিনের রাস পূজা শুরু হচ্ছে আজ রোববার। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। চাঁদপাই ফরেস্ট স্টেশন থেকে এ পর্যন্ত ২৯০টি ট্রলারের অনুমতি দেওয়া হয়েছে, প্রতিটিতে ২০ থেকে ৩০ জন। পুণ্যার্থীদের পাঁচটি নির্ধারিত পথে দিনের বেলায় চলাচল করতে হবে। আগ্নেয়াস্ত্র, হরিণ ধরার ফাঁদ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আর মাইক বাজানো নিষিদ্ধ।#Sundarbans #DublarChar #RashPurnima #Bangladesh #MeehaNews

ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা কাটিয়ে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূজা শুরু হচ্ছে আজ রোববার (২২ নভেম্বর)। তিন দিনের এ আয়োজন চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। সেদিন ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত ট্রলারে করে সুন্দরবনের উদ্দেশে রওনা হয়েছেন পুণ্যার্থীরা। বন বিভাগের পাস-পারমিট নিয়ে প্রয়োজনীয় খাবার ও সরঞ্জামসহ তাঁরা যাত্রা করছেন। প্রতিবছরের মতো এবারও হাজারো পুণ্যার্থীর সমাগম হওয়ার কথা রয়েছে।
পুণ্যার্থীরা পাস-পারমিট সংগ্রহ করছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই ফরেস্ট স্টেশন থেকে। স্টেশন কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মো. হামিদুর রহমান বলেন, স্টেশন থেকে এ পর্যন্ত ২৯০টি ট্রলারের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি ট্রলারে ২০ থেকে ৩০ জন করে পুণ্যার্থী ও দর্শনার্থী রয়েছেন।
খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে আসা পুণ্যার্থী সনজয় মন্ডল বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা ৩০ জন ট্রলারে করে এসেছি। এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। তিন দিনের জন্য মাঝারি আকারের ট্রলারটি ৩০ হাজার টাকায় ভাড়া করেছি। ঘূর্ণিঝড় আকভানের কারণে সাগর উত্তাল থাকায় পূজায় অংশ নেওয়া নিয়ে সংশয় ছিল। তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় আজ যাত্রা শুরু করেছি।’
দুবলার চর রাস উৎসব উদ্যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে তিন দিনের বৃষ্টিতে প্যান্ডেল নির্মাণের কাজ ব্যাহত হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুণ্যার্থীরা আসার আগেই সে কাজ শেষ হয়েছে। তিথি অনুযায়ী আজ পূজা-অর্চনা শুরু হবে।
উৎসবের ইতিহাস জানালেন কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি ও রাস পূজার পুণ্যার্থী বিদেশ রঞ্জন মৃধা। তাঁর ভাষ্য, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী হরিভজন নামের এক সাধু ১৯২৩ সালে দুবলার চরের আলোরকোলে প্রথম রাসপূর্ণিমার পূজা শুরু করেন। দুই যুগের বেশি সময় তিনি একা বনে থেকে, বনের ফলমূল খেয়ে পূজা উদ্যাপন করতেন। তাঁর শুরু করা সেই আয়োজন এখন সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী উৎসব।
রাস পূজা উপলক্ষে সুন্দরবনের বনজ সম্পদ ও বন্য প্রাণী রক্ষায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বন বিভাগ। বনের বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ঘূর্ণিঝড়ের কারণে পাস-পারমিট দেওয়া নিয়ে সংশয় ছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল থেকে পাস-পারমিট দেওয়া হচ্ছে। পুণ্যার্থীরা নির্ধারিত পাঁচটি পথের যেকোনো একটি দিয়ে শুধু দিনের বেলায় চলাচল করতে পারবেন।
বন সংরক্ষক জানান, বন বিভাগের নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার নোঙর করা যাবে না। প্রতিটি নৌযানে রং দিয়ে বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) বা সিরিয়াল নম্বর লিখতে হবে। সঙ্গে রাখতে হবে সুন্দরবনে প্রবেশের পাস-পারমিট ও জাতীয় পরিচয়পত্র।
উৎসবে আগ্নেয়াস্ত্র ও অবৈধ সামগ্রী বহন নিষিদ্ধ। কারও কাছে হরিণ ধরার ফাঁদ, কুঠার বা করাত পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, প্লেট, গ্লাস ও চামচ বহন এবং মাইক বাজানোসহ শব্দদূষণ সৃষ্টিকারী সব কাজও নিষিদ্ধ করেছে বন বিভাগ। পুণ্যার্থী ও দর্শনার্থীদের এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন বন সংরক্ষক।





