ভুল করেছি
ইমন শেখ
ভুল করেছি,
আমি মস্ত বড় ভুল করেছি।
রক্ত দিয়ে কেনা মাটি,
সেই মাটিতে—
আগাছারই চাষ করেছি।
ভুল করেছি,
মস্ত বড় ভুল করেছি।
বাপ-দাদারই পোঁতা গাছে
পরগাছাকে বাড়তে দিয়ে
সত্যি আমি ভুল করেছি,
মস্ত বড় ভুল করেছি।
বেহুলার ওই বাসরঘরে
ছোট্ট একটা ছিদ্র করে,
সোনার বাংলার সোনার শরীর
যুগে যুগে—
সাপের বিষে নীল করেছি।
ভুল করেছি,
মস্ত বড় ভুল করেছি।
নিয়ম করে নিত্যনতুন
ভুল করারই পণ করেছি,
ভুলে ভুলে ভুলের ঘড়া
কানায় কানায় পূর্ণ করে—
সত্যি আমি ভুল করেছি,
মস্ত বড় ভুল করেছি।
তাই সোলায়মানের লাঠির মতো
উই ধরেছে চেতনাতে,
তবু থুবড়ে পড়ার অপেক্ষাতে—
নির্বিকারে বসে আছি।
ভুল করেছি,
মস্ত বড় ভুল করেছি।

