পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা
শনিবার দিবাগত রাতে ঘিওরের বালিয়াখোড়া গ্রামে গৃহবধূ উর্মি আক্তারকে (২২) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সজীব নিজেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি পুলিশি প্রহরায় একই হাসপাতালে চিকিৎসাধীন। ঘিওর থানার ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।#Manikganj #Ghior #CrimeNews #MeehaNews

মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ উর্মি আক্তারকে (২২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ তাঁর স্বামী সজীব মিয়ার (৩০) বিরুদ্ধে। ঘটনার পর সজীব নিজেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে ঘিওর থানা-পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ছয় বছর আগে সাটুরিয়া উপজেলার সজীবের সঙ্গে উর্মির বিয়ে হয়। বিয়ের পর থেকে সজীব বালিয়াখোড়ায় শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন। কিছুদিন ধরে দুজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল।
উর্মির চাচাতো নানি খুশিমন (৬০) শনিবার সকালে ওই বাড়িতে বেড়াতে আসেন। তিনি জানান, রাতে সবাই একসঙ্গে খাওয়ার পর পাশের ঘরে দুজনের ঝগড়ার শব্দ পান। কথা-কাটাকাটির একপর্যায়ে সজীব ক্ষিপ্ত হয়ে উর্মিকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেন। উর্মির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁদের সামনেই সজীব নিজে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয়রা দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক উর্মিকে মৃত ঘোষণা করেন। সজীব এখন একই হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন।
উর্মির মা বিউটি বেগম ঘটনার সময় বাড়িতে ছিলেন না। পাশের একটি হাসপাতালে রান্নার কাজ করেন তিনি। খবর পেয়ে বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত দেখতে পান। তিনি অভিযুক্ত সজীবের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





