খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, শনাক্ত ৩
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদরের নয়নপুরে ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে চার সন্দেহভাজনের মধ্যে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁদের ধরতে অভিযান চলছে। ওসি জানান, চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। সাদিক কায়েম ঘটনার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করবেন।#SadikKayem #Khagrachhari #DUCSU #PetrolBombAttack #MeehaNews

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চার সন্দেহভাজনের মধ্যে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁদের আটকে অভিযান চলছে।
আজ রোববার (২২ নভেম্বর) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। শনাক্ত তিনজন হলেন সদর উপজেলার উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। চতুর্থ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নয়নপুরে সাদিক কায়েমের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়া হয়। কেরোসিন ঢেলেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি বাইরে যেতে চেষ্টা করেন। তখন বাড়ির চারপাশে আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথও জানান, স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে।
ঘটনার পর ফেসবুকে দেওয়া পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর বাড়ির চারপাশে পেট্রোলবোমা ছুড়েছেন এবং ঘরের মূল দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর অভিযোগ, জুলাইপন্থী ছাত্র-জনতাকে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে।
পুলিশ জানায়, এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে মামলা করবেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ সকালে সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৈনিক আমার দেশের তথ্যমতে, ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে জামায়াতে ইসলামী।





