সিলেট সীমান্তে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আটক সদস্যকে বিছনাকান্দি বিওপিতে রাখা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রও সেখানে আছে। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানিয়েছেন, পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তির নাম ও পদবি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।#BSF #BGB #Sylhet #BangladeshBorder #MeehaNews

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের ভেতর থেকে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে তাঁকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন বিছনাকান্দি বর্ডার আউটপোস্টের (বিওপি) নিয়মিত টহল দল ওই সদস্যকে অস্ত্রসহ বাংলাদেশের ভেতরে দেখতে পায়। এরপর তাঁকে আটক করে বিছনাকান্দি বিওপিতে নেওয়া হয়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তি বিজিবির হেফাজতে বিওপি ক্যাম্পে আছেন এবং তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রও সেখানে রাখা হয়েছে। উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে।
আটক বিএসএফ সদস্যের নাম ও পদবি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। তিনি কেন বা কীভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে এসেছিলেন, সে বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।





