চকরিয়ায় মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে প্রবাসী নিহত
রোববার দুপুর সোয়া ১২টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান (৬৪) নিহত হন। পুলিশের ধারণা, অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়েছিলেন; দুর্ঘটনার কারণ নিশ্চিত করা হয়নি। প্রায় দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন তিনি; ডিসেম্বরে আবার যাওয়ার কথা ছিল। মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, মোটরসাইকেল থানা হেফাজতে।#Chakaria #CoxsBazar #RoadAccident #MeehaNews

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত হয়েছেন। তাঁর নাম মাহবুবুর রহমান (৬৪)। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। সড়কের পাশে তাঁর মরদেহ, মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল।
মাহবুবুর রহমানের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায়। চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ জানায়, তিনি মোটরসাইকেলে সাতকানিয়া থেকে চকরিয়ার দিকে যাচ্ছিলেন। গয়ালমারায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে বলে পুলিশের ধারণা। মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মাহবুবুর রহমানের ভাগনে মোহাম্মদ ইলিয়াছ বলেন, তাঁর মামা প্রায় দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। আগামী ডিসেম্বরে আবার সেখানে যাওয়ার কথা ছিল। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি সৌদি আরবে ব্যবসা করছেন। সেখানে তাঁর দুই ছেলেও ব্যবসার সঙ্গে যুক্ত।
চিরিংগা হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম জানান, মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।





