সিরাজগঞ্জে মহাসড়কে যুবলীগের মিছিল: আরও ৩ জন গ্রেপ্তার, মোট ৭
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে আরও তিনজন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে ওই ঘটনায় গ্রেপ্তার মোট ৭ জন। সদর থানার ওসি জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। দুই যুবলীগ কর্মীকে হত্যা মামলায় ও এক ছাত্রলীগ কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।#Sirajganj #JuboLeague #ChhatraLeague #MeehaNews

সিরাজগঞ্জে মহাসড়কে পুলিশভ্যানের সামনে বিক্ষোভ মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মিছিলের ঘটনায় মোট সাতজন গ্রেপ্তার হলেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুই যুবলীগ কর্মী হলেন রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ রবিউল ইসলাম (৩১) এবং পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম সোহাগ (২৮)। তৃতীয়জন রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার ১৭ বছর বয়সী এক ছাত্রলীগ কর্মী; অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁর নাম প্রকাশ করা হলো না।
ওসি বলেন, তিনজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা বুধবার (২৮ অক্টোবর) ভোরে মহাসড়কের মিছিলে অংশ নিয়েছিলেন। তাঁদের দুই যুবলীগ কর্মীকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় এবং ছাত্রলীগ কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় পুলিশের ভ্যানের সামনে যুবলীগ বিক্ষোভ মিছিল করে। ওই দিন অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ, ছাত্রলীগ কর্মী আগুন শেখ, যুবলীগ কর্মী চান শেখ এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমানকে গ্রেপ্তার করা হয়।
মিছিলের ঘটনায় পুলিশভ্যানে থাকা একজন এএসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। নাগরিকের তথ্যমতে, তাঁদের পুলিশ লাইনে নেওয়া হয়েছে।





