ইরানের হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, ইরানের প্রাণনাশের হুমকির মুখে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বাসা ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠেছেন। প্রতিবেদনটির সূত্র বিষয়টি সম্পর্কে অবগত তিনজন, যাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। গত আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ সৃষ্টির অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের হুমকিতে বেসেন্ট দমবেন না। হুমকির প্রকৃত মাত্রা অস্পষ্ট।#ScottBessent #Iran #USTreasury #IranThreat #MeehaNews

ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির মুখে বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে। প্রতিবেদনটি লিখেছেন ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ান।
বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে পত্রিকাটি জানায়, বেসেন্ট সম্প্রতি নিজের বাসা ছেড়ে ঘাঁটিতে উঠেছেন। কোন ঘাঁটি এবং কবে থেকে, তা জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের পরিকল্পিত হামলার হুমকি আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বেসেন্টকে ঘিরে পাওয়া গোয়েন্দা তথ্যও এই মূল্যায়নের অন্যতম ভিত্তি। নিউইয়র্ক টাইমসের সূত্রগুলোর ভাষ্য, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপের কাজের কারণে তিনি তেহরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুদের তালিকার শীর্ষের দিকে আছেন।
গত আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ সৃষ্টির অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। নিষেধাজ্ঞা জোরদার ও বাণিজ্যপথে বিধিনিষেধ আরোপের মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করাই এই অভিযানের লক্ষ্য।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে বেসেন্ট দমবেন না। তিনি এই অভিযানে অটল থাকবেন বলেও জানান।
বেসেন্টের বিরুদ্ধে আসা হুমকি কতটা গুরুতর, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বেনামি সূত্রের ওপর ভিত্তি করা এই খবর স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।





