ভোমরা সীমান্তে শেখ হাসিনাকে ঠেকানোর ঘোষণা বিএনপি নেতাদের
- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্যের প্রতিবাদ এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকানোর দাবিতে ভোমরা স্থলবন্দরে সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। - প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, ভোমরা বন্দর দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না। - সমাবেশে জেলা বিএনপির নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন এবং সীমান্তে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন। #BNP #Satkhira #BhomraLandPort #BangladeshPolitics #MeehaNews

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্যের প্রতিবাদ এবং ভোমরা সীমান্ত দিয়ে দলটির নেতাকর্মীদের প্রবেশ ঠেকানোর দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রাহমাতুল্লাহ পলাশ। যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সমাবেশ সঞ্চালনা করেন।
প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, ভোমরা বন্দর দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাঁকে প্রতিহত করা হবে। পৃথিবীর কোনো শক্তিই শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রাহমাতুল্লাহ পলাশ আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, সরকার ফেলে দেওয়ার দিবাস্বপ্ন না দেখতে। সাতক্ষীরা সীমান্তে কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের শুধু প্রতিহত নয়, ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, বাংলাদেশের মানুষ তাঁকে আর গ্রহণ করবে না। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ বলেন, সরকার শেখ হাসিনাকে ফেরত আনার জন্য চিঠি দিয়েছে। তবে তিনি সীমান্ত দিয়ে দেশে ফেরার চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন রউফ। ভোমরা সীমান্ত দিয়ে তাঁকে ফিরতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু বলেন, দেশের প্রতিটি সীমান্তে ছাত্র-জনতা নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তুলেছে। কোনোভাবেই শেখ হাসিনাকে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, যে সরকারপ্রধান দেশ ছেড়ে পালিয়ে যান, তিনি আর ফিরে আসেন না। শেখ হাসিনার ফিরে আসার সব চেষ্টা রুখে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি বলেন, ভারত ও ভারতের জনগণকে তাঁরা জানাতে চান, বাংলাদেশে আওয়ামী লীগের থাকার অধিকার নেই। দলটিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান শেখ হাসিনার বিরুদ্ধে ১৪শ মানুষের মৃত্যুর দায় আরোপ করেন। তাঁকে বাংলার মাটিতে ফিরতে দেওয়া হবে না বলেও বক্তব্য দেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, বিএনপি নেতা আয়ুব হোসেন মুকুল, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, পৌর বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক সদস্যসচিব আতাউর রহমান, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মীর্জা অর্ঘ্য এবং মৎস্যজীবী দলের নেতা বাবলু প্রমুখ।







