‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ ইরানকে অচলাবস্থা রাখতে চায় যুক্তরাষ্ট্র
ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফের অভিযোগ, যুক্তরাষ্ট্র ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ অচলাবস্থা চাপিয়ে দিতে চায়। তাঁর মতে, শুধু আলোচনার ওপর নির্ভর না করে টেকসই প্রতিরোধক্ষমতা গড়তে হবে। হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিয়ে মতবিরোধে জুনের পর আলোচনা থমকে আছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানের কাছে পারমাণবিক কর্মসূচিতে সুনির্দিষ্ট ছাড় চাইছেন বলে জানা গেছে।#Iran #USIranTensions #Ghalibaf #MeehaNews

যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ ধরনের অচলাবস্থা চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সোমবার তিনি বলেন, সংঘাতের ঝুঁকি দূর করতে শুধু আলোচনার ওপর ভরসা না করে ইরানের শক্তি বাড়ানো ও দীর্ঘমেয়াদি প্রতিরোধক্ষমতা গড়ে তোলা দরকার। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর দিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
গালিবাফ বলেন, ‘টেকসই প্রতিরোধক্ষমতা বলতে দেশের শক্তি বৃদ্ধি করাকে বোঝায়।’ তাঁর ভাষ্য, প্রতিরোধক্ষমতা গড়ার ক্ষেত্রে কূটনীতি ও যুদ্ধ, দুটিই হাতিয়ার। তিনি আরও বলেন, যুদ্ধও নয় শান্তিও নয়, এমন পরিস্থিতি চলতে পারে না এবং এর সমাধান করতে হবে। প্রশ্ন তুলে তিনি বলেন, কীভাবে, কার মাধ্যমে ও কী ধরনের পদক্ষেপে এই পরিস্থিতির সমাধান হবে।
গালিবাফ ইরানের প্রধান আলোচকও। এর আগে ১৫ নভেম্বর তিনি বলেছিলেন, হরমুজ প্রণালি খোলা এবং আলোচনা শুরুর বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ইরানের সাত শর্ত মানে কি না তার ওপর। শর্তগুলোর বিস্তারিত তিনি জানাননি।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। জবাবে ইরান ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হয় এবং আলোচনা শুরু হয়। হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল কীভাবে নিশ্চিত হবে, তা নিয়ে মতবিরোধে পরে আলোচনা থমকে যায়। কূটনৈতিক প্রচেষ্টা চললেও জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ আবার শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সসহ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানের কাছে পারমাণবিক কর্মসূচিতে সুনির্দিষ্ট ছাড় চাইছেন। ৮ নভেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনা এগোলে ইরানে নতুন হামলার আদেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম।





