ধানমন্ডির জুয়েলার্সে ২ হাজার ভরি গয়না চুরির দাবি, আটক ৪ নিরাপত্তাকর্মী
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ধানমন্ডি ৬/এর আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সের তালা ভেঙে চুরি হয়। মালিক অমিত ঘোষের দাবি, প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চুরি হয়েছে। ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, ঘটনায় চার নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে। দোকানের কর্মকর্তার দাবি, সিসিটিভি ফুটেজে নিখোঁজ এক নিরাপত্তাকর্মীকে বাইরের লোকজনকে ঢুকতে সহায়তা করতে দেখা গেছে।#Dhanmondi #Dhaka #Theft #MeehaNews

রাজধানীর ধানমন্ডির একটি শপিংমলের গয়নার দোকানের তালা ভেঙে প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে ঘটনাটি ঘটে।
মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার গয়না আছে।
জুয়েলার্সের মালিক ও কর্মীরা দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশের সন্দেহ করছেন। ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চার নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।
পূরবী জুয়েলার্সের কর্মকর্তা সঞ্জীব শীল জানান, ঘটনার পর কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাঁদের একজন দোকানের নিজস্ব, দুজন মার্কেটের। তাঁর ধারণা, দোকানের অন্য নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে।
সঞ্জীব শীল আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। সেখানে আরও দুজন অপরিচিত লোকের উপস্থিতি ছিল। ফুটেজ অনুযায়ী, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে ঢুকতে সরাসরি সহায়তা করেন। ভেতরে ঢোকার পর তাঁদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন। ঘটনায় জড়িত এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলকে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, পুলিশ কাজ করছে। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।







