স্বর্ণের বার বলে লোহা বিক্রির প্রতারণা, গ্রেপ্তার ২
রাজশাহীর কর্ণহার থানার চেকপোস্টে একটি অটোরিকশা থামিয়ে ৪১টি সোনালি প্রলেপযুক্ত বারসদৃশ বস্তুসহ মনিরুজ্জামান ফকির (৩৪) ও জাহিদ হোসেনকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় স্বর্ণকারের পরীক্ষায় প্রলেপের নিচে লোহা পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পলাতক আরও একজনের সঙ্গে এ কাজ করার কথা জানান। কর্ণহার থানায় জাল বস্তু প্রস্তুত ও বহনের মামলা হয়েছে।#Rajshahi #FakeGold #PoliceArrest #Bangladesh #MeehaNews

রাজশাহীতে সোনার বার বলে বিক্রির উদ্দেশ্যে বহন করা ৪১টি নকল বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বারগুলোর ওপর সোনালি প্রলেপ থাকলেও স্থানীয় স্বর্ণকারের পরীক্ষায় ভেতরে লোহা পাওয়া গেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশের চেকপোস্টে ঘটনাটি ঘটে। কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট চলাকালে গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামানো হয়। তিন যাত্রীর একজন পালিয়ে যান। বাকি দুজনকে আটক করে তল্লাশি চালায় পুলিশ।
একজনের কাঁধের স্কুলব্যাগ থেকে খবরের কাগজে মোড়ানো ও স্কচটেপে পেঁচানো একটি প্যাকেট উদ্ধার হয়। ভেতরে কাগজের বাক্সে ছিল ৪১টি সোনালি প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে এগুলো পরীক্ষা করা হয়। প্রলেপ তুলে ফেললে ভেতরে লোহার বার পাওয়া যায়।
গ্রেপ্তার দুজন হলেন মাদারীপুরের শিবচর থানার মাগুরখণ্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ী থানার দক্ষিণ সাগরনাল এলাকার আব্দুল আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পলাতক আরও একজনের যোগসাজশে দীর্ঘদিন ধরে লোহার বারে সোনালি রঙের প্রলেপ দিয়ে সোনার বারের মতো তৈরি করতেন। পরে প্রকৃত সোনা বলে বিক্রির উদ্দেশ্যে সেগুলো বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। জাহিদ হোসেনের দাবি, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।
জব্দ ৪১টি বারের মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় মামলা হয়েছে। আরএমপির মুখপাত্র গাজিউর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, গ্রেপ্তার দুজনকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে ধরতে অভিযান চলছে।





