কুকুর নির্বাচনে নেদারল্যান্ডস যাচ্ছেন পুলিশের চার কর্মকর্তা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ চার কর্মকর্তা ১৫-১৯ নভেম্বর নেদারল্যান্ডসে কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন। ১০ নভেম্বর জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস আদেশে এ সফর অনুমোদন করা হয়েছে। দেশে ফেরার ১৫ দিনের মধ্যে কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে হবে। দ্য ডেইলি স্টারের তথ্যমতে, সফরের সব খরচ বহন করবে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান।#Bangladesh #HomeMinistry #Netherlands #BangladeshPolice #MeehaNews

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন। সেখানে তাঁরা কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
সফরকারী কর্মকর্তারা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, উত্তরা ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপকমিশনার মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।
আদেশ অনুযায়ী, তাঁরা ১৫ থেকে ১৯ নভেম্বর, অথবা নিকটতম সম্ভাব্য তারিখ থেকে পাঁচ দিন (ভ্রমণ ও ট্রানজিটের সময় বাদে) নেদারল্যান্ডসে এই কার্যক্রমে থাকবেন। দেশে ফেরার ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
দ্য ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, সফরের সব খরচ বহন করবে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান; এতে সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। ভ্রমণ ও ট্রানজিটসহ বিদেশে থাকার সময় সরকারি দায়িত্ব পালন হিসেবে গণ্য হবে। তবে অনুমোদিত সময়ের বেশি থাকার সুযোগ নেই।
আদেশে সই করেছেন উপসচিব মোহাম্মদ শরিফুল ইসলাম। গণমাধ্যমকে তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সে অনুযায়ী আদেশ জারি হয়েছে। এর বেশি কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।





