চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু
মঙ্গলবার ভোর ৫টার দিকে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পড়ে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে রেলওয়ে পুলিশ তাঁর পরিবারকে খবর দেয়। মেহেদী একটি বেকারির কর্মচারী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের বলাখাল। রেলওয়ে থানার ওসি জানান, কীভাবে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে।#Chandpur #MeghnaExpress #TrainAccident #Bangladesh #MeehaNews

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে তাঁরা দেখেন, মেঘনা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাটের পূর্ব পাশে লোকজনের জটলা। কাছে গিয়ে রেললাইনের পাশে মেহেদীকে পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।
ঘটনাস্থলের পাশে মেহেদীর একটি মোবাইল ফোন পড়ে ছিল। স্থানীয় লোকজন চাঁদপুর রেলওয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে।
মেহেদী একটি বেকারিতে কাজ করতেন। তাঁর বাবার নাম সুমন, গ্রামের বাড়ি চাঁদপুরের বলাখাল এলাকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে। মেহেদীর বাবা ও মামা আসছেন। পরিবারের সদস্যরা পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। কীভাবে ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ওসি জানান, আইনি প্রক্রিয়া চলছে।





