‘এস্তোনিয়ার কর্ম/কাণ্ডে সরাসরি যু/দ্ধ শুরু হতে পারে’, রাশিয়ার হুঁশিয়ারি
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এস্তোনিয়াকে ‘সরাসরি যুদ্ধ শুরুর কিনারে’ থাকার হুঁশিয়ারি দিয়েছে। সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এস্তোনীয় কূটনীতিককে তলব করার পর এই বিবৃতি আসে। মস্কোর অভিযোগ, এস্তোনিয়া ইউক্রেনীয় ড্রোনকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দিচ্ছে। তালিন এ অভিযোগ অস্বীকার করেছে। এস্তোনিয়া ১ ডিসেম্বর থেকে অন্তত ছয় মাসের জন্য রাশিয়ার সঙ্গে সীমান্তের কয়েকটি প্রবেশপথ বন্ধ করবে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, জোট এস্তোনিয়া ও পোল্যান্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।#Estonia #Russia #NATO #BalticSea #MeehaNews

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য এস্তোনিয়াকে ‘সরাসরি যুদ্ধ’ শুরুর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর অভিযোগ, তালিন একের পর এক ‘শত্রুতামূলক’ পদক্ষেপ নিচ্ছে। এস্তোনিয়া ইউক্রেনকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, এস্তোনিয়া ‘সরাসরি যুদ্ধ শুরুর কিনারে’ দাঁড়িয়ে আছে। এর আগে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (শার্জ দ্য অ্যাফেয়ার্স) মারেক উহতেগিকে তলব করা হয়। বিবৃতিতে বলা হয়, তাঁকে আবারও জানানো হয়েছে, এ ধরনের উসকানিমূলক ও অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। মস্কো এস্তোনিয়ার বিরুদ্ধে ‘রুশবিদ্বেষী’ মনোভাবের অভিযোগও তুলেছে।
রাশিয়ার অভিযোগের তালিকায় আরও আছে:
ইউক্রেনীয় ড্রোনকে আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলার সুযোগ দেওয়া
বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজের চলাচলে বাধা
রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করা
রুশ ভাষার ব্যবহার বন্ধের চেষ্টা
রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি
নিজেদের জাতীয় স্বার্থ ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় রাজনৈতিক ও কূটনৈতিক সব ধরনের পদক্ষেপের অধিকার রাশিয়া সংরক্ষণ করে বলেও জানিয়েছে মস্কো।
এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সব অভিযোগের জবাব দেয়নি। তবে ইউক্রেনের সামরিক অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ তারা নাকচ করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এস্তোনিয়া কখনো অন্য কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি, ভবিষ্যতেও দেবে না। রাশিয়ার প্রচারণামূলক বক্তব্যে সাধারণত মন্তব্য না করলেও এ ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট করা দরকার বলে মনে করছে তালিন। একই অঞ্চলের অন্য দেশগুলোও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বলে জানায় দেশটি।
চলতি মাসের শুরুতে এস্তোনিয়া জানায়, ১ ডিসেম্বর থেকে অন্তত ছয় মাসের জন্য রাশিয়ার সঙ্গে সীমান্তের কয়েকটি প্রবেশপথ বন্ধ থাকবে। তালিনের অভিযোগ, দেশটির একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা করেছে রুশ নিরাপত্তা সংস্থাগুলো। মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে। সীমান্ত বন্ধের সমালোচনা করে রাশিয়া বলছে, এর খেসারত শুধু তালিনকে নয়, ইইউ ও ন্যাটোর মিত্রদেরও দিতে হবে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই বিবৃতি এসেছে বাল্টিক সাগরে একটি রুশ জাহাজে ইউক্রেনের হামলার পর। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বার্লিনে বলেছেন, এস্তোনিয়ার পরিস্থিতি এবং গত সপ্তাহে পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ জোট পর্যবেক্ষণ করছে। প্রতিরোধ ও প্রতিরক্ষাব্যবস্থার মূল্যায়ন করে প্রয়োজনে হালনাগাদ করা হবে বলেও তিনি জানান। সামরিক জোটটির হাতে প্রতিক্রিয়া জানানোর বিকল্প আছে বলে উল্লেখ করেন তিনি।
এস্তোনিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক জাতিগত রুশ বাস করে। মস্কো দীর্ঘদিন ধরে তাদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে আসছে। ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রেও রুশভাষীদের অধিকার দমনের অভিযোগকে যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছিল।
বাল্টিক অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেনীয় ড্রোনকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ রাশিয়া আগেও তুলেছে। ইউক্রেনীয় ড্রোন প্রায়ই ন্যাটোর আকাশসীমায় ঢুকেছে। কিয়েভের দাবি, রাশিয়ার সংকেত জ্যাম করার কারণে এমন ঘটে। ন্যাটোভুক্ত দেশগুলো ইচ্ছাকৃতভাবে ড্রোনকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছে। উল্টো এসব অনুপ্রবেশের দায় তারা রাশিয়ার ওপর চাপিয়েছে।





