টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে পাচারকারীদের গোলাগুলি, উদ্ধার ৮
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিলে যৌথ বাহিনী ও মানবপাচারকারীদের মধ্যে গোলাগুলি হয়। এতে কেউ হতাহত হননি। পাচারকারীদের আস্তানা থেকে ৫ নারী, ২ পুরুষ ও ১ শিশুসহ ৮ জনকে উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, ওই আস্তানায় ৭০-৮০ জনকে জড়ো করা হয়েছিল। বেশির ভাগকে নিয়ে পাচারকারীরা নৌযানে পালিয়ে যান। উদ্ধার ৮ জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।#Teknaf #HumanTrafficking #CoxsBazar #JointForces #MeehaNews

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি হয়েছে। এতে কেউ হতাহত হননি। পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাগরপথে পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিলে পাচারকারীদের একটি আস্তানায় ৭০-৮০ নারী-পুরুষকে জড়ো করা হয়েছিল। খবর পেয়ে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়।
পুলিশের ভাষ্য, অভিযানের একপর্যায়ে পাচারকারীরা নৌযানে করে সাগরপথে পালানোর সময় যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষায় যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পাচারকারীরা পাচারের জন্য আনা বেশির ভাগ মানুষকে সঙ্গে নিয়ে পালিয়ে যান। যৌথ বাহিনী ৫ নারী, ২ পুরুষ ও ১ শিশুকে উদ্ধার করতে পারে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার ৮ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।





