বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়
তাসমানিয়ার প্রাচীন বন রক্ষায় অর্থ জোগাড়ের জন্য শিল্পী কিরশা কেশেলে অনলিফ্যানসভিত্তিক প্ল্যাটফর্ম অনলি ফার্নস চালু করেছেন। সাবস্ক্রিপশনের অর্থে গাছ কাটার শ্রমিকদের দিয়ে বনে কাঠের হাঁটার পথ ও শিল্পকর্ম বানানোর পরিকল্পনা আছে। ওয়াইল্ডারনেস সোসাইটি ফরেস্ট কংগ্রেস থেকে সরে গেছে, আর বব ব্রাউন ফাউন্ডেশন প্রকল্পকে কাঠ কাটার পক্ষের পরিকল্পনা বলেছে। প্রকল্পের আয় কত হবে, তা এখনো অনিশ্চিত।#OnlyFerns #Tasmania #Australia #ForestConservation #MeehaNews

তাসমানিয়ার প্রাচীন বন রক্ষায় অর্থ সংগ্রহের জন্য প্রাপ্তবয়স্কদের ভিডিওভিত্তিক প্ল্যাটফর্ম চালু করেছেন অস্ট্রেলিয়ার শিল্পী কিরশা কেশেলে (Kirsha Kaechele)। অনলিফ্যানসে (OnlyFans) চালু হওয়া এই উদ্যোগের নাম ‘অনলি ফার্নস’ (OnlyFerns)। এ নিয়ে প্রশংসার পাশাপাশি পরিবেশবাদী সংগঠনগুলোর সমালোচনাও উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য এসেছে।
কেশেলে তাসমানিয়ার মিউজিয়াম অব ওল্ড অ্যান্ড নিউ আর্টের (মোনা) প্রতিষ্ঠাতা ডেভিড ওয়ালশের স্ত্রী। প্ল্যাটফর্মটিতে তাসমানিয়ার বন ও করাতকলকে ঘিরে ১২টি দৃশ্য নিয়ে ভিডিও তৈরি হয়েছে। অনলিফ্যানসের নিয়মে প্রকাশ্য স্থানে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট ধারণ নিষিদ্ধ। তাই শুটিং হয়েছে ব্যক্তিমালিকানাধীন বনে। প্রায় ২০ জন কনটেন্ট নির্মাতা শুটিংয়ের জন্য বার্নি শহরে যান। ভিডিওতে পশুর পোশাক পরা অভিনয়শিল্পীদের পাশাপাশি নির্মাতারা বনশ্রমিক ও পরিবেশবাদীর চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি মেলবোর্নে প্রকল্পটির পূর্ণদৈর্ঘ্য সংস্করণের প্রিমিয়ার হয়েছে। প্রবেশাধিকার ছিল কেবল আমন্ত্রিত ১৮ বছর বা তার বেশি বয়সীদের।
কেশেলের পরিকল্পনা অনুযায়ী, সাবস্ক্রিপশনের অর্থে গাছ কাটার শ্রমিকদের বন রক্ষার কাজে লাগানো হবে। তাঁরা প্রাচীন বনের কাটার জন্য নির্ধারিত এলাকায় কাঠের হাঁটার পথ ও শিল্পকর্ম বানাবেন। এতে গাছ না কেটেও তাঁদের কর্মঘণ্টা ও আয় বজায় থাকবে বলে তিনি আশা করছেন। তাঁর ভাষ্য, অনেক পরিবেশ আন্দোলনে শ্রমিকদের প্রতিপক্ষ ভাবা হয়, যা বাস্তবসম্মত নয়। কাঠের শিল্পকর্ম বানাতে স্থানীয় করাতকলগুলোকে কাজে লাগানো হবে।
ভিডিও তৈরির পুরো খরচ বহন করেছে মোনা ও কেশেলে। এর মধ্যে অভিনয়শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের পারিশ্রমিকও আছে। একটি প্রামাণ্যচিত্র ও বইও তৈরি হচ্ছে। প্রকল্পে কত অর্থ আসবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। কেশেলে জানান, তা নির্ভর করবে সাফল্যের ওপর এবং তাঁর স্বামী ও অন্য দাতারা সহায়তা করবেন কি না, তার ওপর।
প্রকল্পটি ২০২৩ সালে কেশেলের গঠন করা ফরেস্ট কংগ্রেসের অংশ। সেখানে পরিবেশবাদী, বিজ্ঞানী, আদিবাসী পালাওয়া জনগোষ্ঠীর প্রবীণ ও বনশিল্পের প্রতিনিধিরা আছেন। জুলাইয়ে দ্য ওয়াইল্ডারনেস সোসাইটি এই কংগ্রেস থেকে সরে দাঁড়ায়। সংগঠনটির অভিযোগ, বনশিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো ক্ষতিকর বাণিজ্যিক ও শিল্পচর্চা শোধরাতে কার্যকর পদক্ষেপ নেয়নি। ফরেস্ট কংগ্রেস শুরু থেকেই বর্জন করে আসা বব ব্রাউন ফাউন্ডেশন প্রকল্পকে ‘কাঠ কাটার পক্ষে পরিকল্পনা’ বলেছে। সংগঠনটির দাবি, বনশিল্পের ‘প্রাচীন বন’ হিসেবে চিহ্নিত মাত্র ৩-৪ শতাংশ বন সংরক্ষণের কথা হচ্ছে। বাকি ৯৬ শতাংশ উজাড় ও পুড়িয়ে ফেলার ঝুঁকিতে থাকবে। তাদের মতে, এ সংকটের সমাধান শিল্পকর্মের প্রদর্শনী দিয়ে হবে না।
কেশেলে বলেন, তাঁরা এমন প্রাচীন বন বেছে নিয়েছেন, যেগুলো নিয়ে দুই পক্ষের কোনো দ্বিমত নেই। বনশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এ উদ্যোগে অংশ নিচ্ছেন। তাঁর বিশ্বাস, বন রক্ষায় শুধু আন্দোলন নয়, বিকল্প অর্থনৈতিক ব্যবস্থাও দরকার।
রাষ্ট্রীয় বনায়ন সংস্থা সাস্টেইনেবল টিম্বার তাসমানিয়া (সাবেক ফরেস্ট্রি তাসমানিয়া) জানিয়েছে, তারা বন ব্যবস্থাপনা নিয়ে মোনার ভাবনা সম্পর্কে আলোচনা করছে। তবে সরকারি ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের সনদের মধ্যে থাকতে হবে। সংস্থাটি উদ্যোগটিকে ‘চমৎকার’ বলে প্রশংসা করেছে।





