ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট ৯৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই মেয়েশিশুর মৃত্যু হয়েছে। তাদের একজনের বয়স ৭ মাস, অন্যজনের ১০ মাস। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে মৃত শিশুর সংখ্যা ৯৪। গত ২৪ ঘণ্টায় নতুন ৩২ শিশু ভর্তি হয়েছে, সুস্থ হয়ে ফিরেছে ১৩ শিশু; এখন চিকিৎসাধীন ১৬৪ শিশু। এ সময়ে মোট ৬ হাজার ৮১২ শিশু ভর্তি হয়েছে, যাদের ৬ হাজার ৫৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।#Measles #Mymensingh #MMCH #MeehaNews

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে ৯৪ শিশুর মৃত্যু হলো। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া দুজনই মেয়েশিশু। একজনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়, বয়স ৭ মাস। অন্যজনের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়, বয়স ১০ মাস।
হাসপাতাল সূত্রে জানা যায়, ফুলবাড়িয়ার শিশুটিকে গত ২৭ নভেম্বর সকাল পৌনে ১২টার দিকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানান, হাম ভাইরাসের জটিলতায় শিশুটির মস্তিষ্ক ও মস্তিষ্কের আবরণীতে তীব্র সংক্রমণ হয়েছিল।
কলমাকান্দার শিশুটিকে ২২ নভেম্বর সন্ধ্যার পর ভর্তি করা হয়। ২৭ নভেম্বর সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের ধারণা, হামের পাশাপাশি শিশুটির ফুসফুসে তীব্র সংক্রমণ বা সিভিয়ার নিউমোনিয়া হয়ে থাকতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ৩২ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১৬৪ শিশু।
মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ৮১২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৫৫৪ শিশু।







