ভুল বিচারে ভারতে ১৮ বছর কারাবাস, অবশেষে প্যারোলে মুক্তি বাদল ফরাজীর
বাদল ফরাজী মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন। পুলিশ পাহারায় তাঁকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হচ্ছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ২০০৮ সালে ভারতে গ্রেপ্তারের পর ২০১৫ সালে দিল্লির আদালত তাঁকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তিনি শুরু থেকেই বলে আসছেন, তিনি সেই ব্যক্তি নন। ২০১৮ সালে বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে আনা হয়।#BadalFaraji #Bagerhat #Parole #Bangladesh #MeehaNews

ভারতে প্রায় ১৮ বছর কারাবন্দি থাকা বাগেরহাটের মোংলার বাদল ফরাজী চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পাহারায় তাঁকে বাগেরহাট জেলা কারাগারে নেওয়া হচ্ছে। সেখানে আইনি প্রক্রিয়া শেষে বাগেরহাট পুলিশ তাঁকে পরিবারের কাছে তুলে দেবে।
কারাসূত্র জানায়, বন্দি স্থানান্তর চুক্তির (টিএসপি) আওতায় আসা বাদলের কয়েদি নম্বর ৮৪/এ। একই প্রক্রিয়ায় বাগেরহাটের মোড়েলগঞ্জের সাইদুল ওরফে আফজালকেও (কয়েদি নম্বর ৫১৫৯/এ) চার সপ্তাহের প্যারোলে মুক্তির জন্য বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক ও কারা সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদলের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। এরপর বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা এবং ১৭ নভেম্বর গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তির ব্যবস্থা নিতে নির্দেশনা আসে। আজ ওয়ারেন্ট, কারা পিসিতে জমা থাকা অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁদের পুলিশের হাতে বুঝিয়ে দেওয়া হয়।
২০০৮ সালে পর্যটক ভিসায় তাজমহল দেখতে ভারতে গিয়েছিলেন বাদল। তাঁকে গ্রেপ্তার করে দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদানের হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে শনাক্ত করা হয়। মামলাটি অমর কলোনি থানার। বাদলের দাবি ছিল শুরু থেকেই, তিনি সেই ব্যক্তি নন; নামের মিলের কারণে তাঁকে ভুলভাবে দণ্ডিত করা হয়েছে বলে তাঁর পক্ষের লোকজন ও মানবাধিকারকর্মীরা বলে আসছেন।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। পরের মাসে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। প্রায় ১০ বছর তিনি দিল্লির তিহার কারাগারে ছিলেন। সেখানে থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন।
২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, পরে কাশিমপুরে রাখা হয় তাঁকে। মুক্তির দাবিতে দীর্ঘদিন কাজ করেছেন মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা। লেখক রাহিতুল ইসলামের উপন্যাস বাদলের কারাবাস এ বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বের হওয়ার পর সেই দাবি আরও জোরালো হয়।
বাদল কারাগারে থাকতেই তাঁর বাবা এস এইচ খালেক ফরাজী মারা গেছেন। বৃদ্ধ মা অসুস্থ, চলাফেরায় অক্ষম। ছেলের সাময়িক মুক্তির খবরে পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে।





