হেবরনে হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত, শহর ঘিরে অভিযান
হেবরনের কাছে একটি সামরিক তল্লাশিচৌকিতে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ২০ মিনিটের গোলাগুলির পর হামলাকারীরাও নিহত হন। হেবরন ও হালহুল ঘিরে অভিযান শুরু হয়েছে। পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেছেন, ছয় দিনের যুদ্ধের পর যা দেখা যায়নি, এমন ব্যাপক অভিযান চালানো হবে পশ্চিম তীরে। আহত সেনার সংখ্যা নিয়ে সূত্রগুলোর তথ্যে অমিল রয়েছে, কেউ বলছে তিন, কেউ পাঁচ।#WestBank #Hebron #Israel #Palestine #MeehaNews

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এরপর হেবরনে “লক্ষ্যভিত্তিক ও পূর্ণাঙ্গ” সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শহরটি ঘিরে ফেলার পাশাপাশি পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল শুক্রবার হেবরনের কাছে একটি সামরিক তল্লাশিচৌকিতে এ হামলা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, ঘটনাস্থল রুট ৩৫-এর জুডিয়া জংশন। প্রায় ২০ মিনিটের গোলাগুলির পর ইসরায়েলি সেনারা দুই হামলাকারীকে গুলি করে হত্যা করেন।
আহত সেনার সংখ্যা নিয়ে সূত্রগুলোর তথ্যে অমিল রয়েছে। আল-জাজিরার লাইভ ব্লগ ও অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এবিসি বলছে, আহত তিনজন। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবার বরাতে আল-জাজিরার আরেক প্রতিবেদন ও টাইমস অব ইসরায়েল বলছে, আহত অন্তত পাঁচজন।
এবিসির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী হামলাকারীদের নাম জানিয়েছে মোহাম্মদ জাবা ও ফিরাস জাবা। দুজনেরই বয়স ২৭ বছর, তাঁরা একই পরিবারের সদস্য। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলাকারীদের গাড়ি থেকে বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যা থেকে বোঝা যায় তাঁরা ইসরায়েলি নাগরিকদের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করছিলেন। হামাস, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) হামলার প্রশংসা করেছে।
ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “সেনাদের দ্রুত পদক্ষেপ আরও গুরুতর হামলা ঠেকিয়েছে।” এবিসি জানিয়েছে, হামলাকারীরা যে এলাকা থেকে এসেছিলেন, নেতানিয়াহু সেখানে বাড়ি বাড়ি তল্লাশি ও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। হেবরন ও পাশের হালহুল শহর ঘিরে ফেলা হয়েছে। নেতানিয়াহু বলেছেন, পশ্চিম তীরে এমন “ব্যাপক” অভিযান চালানো হবে, যা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর আর দেখা যায়নি। অভিযানের সময় ইসরায়েল নিজেই ঠিক করবে।
আল-জাজিরা জানিয়েছে, হামলার আগের দিন বৃহস্পতিবার পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে ৩৬ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের হিসাবে, ওই দিন জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা ১৭টি হামলা চালিয়েছে।
ঘটনাটি ঘটল ইসরায়েলের সংসদ নির্বাচনের কয়েক দিন আগে। নির্বাচন সামনে রেখে সোম ও মঙ্গলবার পশ্চিম তীর ও গাজা আগে থেকেই অবরুদ্ধ রাখার কথা ছিল। হামলার পর নির্বাচনী কয়েকটি আয়োজন বাতিল করেছেন নেতানিয়াহু।





