ঢাকেশ্বরীতে চণ্ডীপাঠে শুরু মহালয়া, এবার ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে দুর্গাপূজা
শনিবার ভোর ৬টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়; এরপর তিল-তর্পণ এবং সকাল ৯টায় ঘট স্থাপন ও বিশেষ পূজা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরের তথ্যমতে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। মণ্ডপের জন্য সরকারি…

আজ শনিবার মহালয়া। ভোর ৬টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর মধ্য দিয়ে শুরু হলো দেবীপক্ষ এবং শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা।
ঢাকেশ্বরীতে সকাল সাড়ে ৭টায় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ এবং সকাল ৯টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হওয়ার কথা। রাজধানীর অন্যান্য মন্দির ও উপাসনালয়েও চণ্ডীপাঠ, তর্পণ ও বিশেষ পূজার আয়োজন রয়েছে। সঙ্গে থাকছে আগমনী সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস সাধন জানিয়েছেন, ঢাকেশ্বরীর মহালয়া অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের উপস্থিত থাকার কথা রয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। পাঁচ দিনের উৎসবকে সামনে রেখে মন্দির ও মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
পূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মণ্ডপগুলোর জন্য সরকারি অনুদান ৪ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে নির্বাহী আদেশে পূজার ছুটি বাড়িয়ে তিন দিন করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিন ছুটি মিলবে।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়া পিতৃপক্ষের শেষ তিথি এবং দেবীপক্ষের সূচনালগ্ন। এ দিন ভোরে জল ও তিল নিবেদন করে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণের রীতি প্রচলিত। অনেকে নদী বা জলাশয়ের তীরে তর্পণ করেন। দেবীপক্ষের শুরুতে মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠ, আগমনী গান ও বিশেষ পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার অপেক্ষার আনুষ্ঠানিক আবহ তৈরি হয়।




