বোদায় দেড় লাখ টাকাসহ এলজিইডির উপসহকারী প্রকৌশলী আটক
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদার সাকোয়া গিদালপাড়ায় এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূর ই আকরামকে স্থানীয়রা আটকে পুলিশে দেন। পুলিশ তাঁর ব্যাগ থেকে এক লাখ ও পকেট থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করে। সাকোয়া-নয়াদীঘি সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন তোলার পর বাকবিতণ্ডা হয়; ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নূর ই আকরাম টাকা ব্যক্তিগত কাজের বলে জানিয়েছেন। থানায় এখনো লিখিত অভিযোগ হয়নি।#Panchagarh #Boda #LGED #MeehaNews

পঞ্চগড়ের বোদায় সড়কের কাজ তদারকির দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলীকে দেড় লাখ টাকাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাকোয়া গিদালপাড়া এলাকায় স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক নূর ই আকরাম বোদা উপজেলা এলজিইডিতে কর্মরত। স্থানীয়রা জানান, সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা সড়কের কাজের মান নিয়ে অভিযোগ আছে। প্রকল্পটি তদারকির দায়িত্বে ছিলেন নূর ই আকরাম। ওই দিন কাজের মান নিয়ে প্রশ্ন তুলে এলাকাবাসী কাগজপত্র দেখতে চান। স্থানীয়দের দাবি, তিনি তখন দ্রুত জায়গা ছাড়ার চেষ্টা করেন। তাঁরা ব্যাগ তল্লাশির কথা বললে তিনি রাজি হননি। এ নিয়ে তাঁর সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর ব্যাগ তল্লাশি করে নগদ এক লাখ টাকা উদ্ধার করে। পকেট থেকে আরও ৫০ হাজার টাকা পাওয়া যায়। এরপর তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়।
নূর ই আকরাম বলেছেন, টাকাগুলো তিনি ব্যক্তিগত কাজের জন্য সঙ্গে রেখেছিলেন।
বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান বলেন, দায়িত্ব পালনের সময় এত নগদ টাকা সঙ্গে রাখার সুযোগ নেই। তদন্তে অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নূর ই আকরামকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।





