যাত্রাবাড়ীর বাসা থেকে নারীর চার টুকরো লাশ উদ্ধার, স্বামী আটক
যাত্রাবাড়ীর মীরহাজীরবাগের একটি বাসা থেকে শিরিন বেগম নামের এক নারীর শরীরের চারটি খণ্ড উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের স্বামী দুলালকে আটক করা হয়েছে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ কর্মকর্তা জানান, স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের বিরোধের পেছনে পরকীয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি। হত্যার প্রকৃত…

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগের একটি বাসা থেকে শিরিন বেগম নামের এক নারীর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তাঁর স্বামী দুলালকে আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে যাত্রাবাড়ী থানার পুলিশের একটি দল ওই বাসায় যায়। পুলিশ সূত্র জানায়, সেখানে শিরিনের শরীরের চারটি খণ্ড উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর পেছনে পরকীয়ার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এলেও হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ দুলালকে জিজ্ঞাসাবাদ করছে। একই সঙ্গে ঘটনার পারিপার্শ্বিক অবস্থা যাচাই করে হত্যার কারণ এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে।
শিরিনের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালী গ্রামে। তাঁর এক ছেলে চট্টগ্রামে ও এক মেয়ে গাজীপুরে থাকেন। পুলিশ জানিয়েছে, স্বজনদের খবর দেওয়া হয়েছে।




