উজিরপুরে নিখোঁজের ২ দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ
২৪ নভেম্বর রাত সাড়ে ১১টায় জরুরি কাজের কথা বলে বের হয়ে মহসিন মল্লিক বাবু (১৬) আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ কুড়ালিয়ায় মাছের ঘেরে তাঁর মরদেহ ভাসতে দেখেন মামা শাহিন মল্লিক। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।#Barishal #Ujirpur #BodyRecovered #MeehaNews

বরিশালের উজিরপুরে নিখোঁজের দুদিন পর একটি মাছের ঘের থেকে মহসিন মল্লিক বাবু (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘেরে বাবুর মরদেহ ভাসতে দেখেন তাঁর মামা শাহিন মল্লিক। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাবু জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিতালুক গ্রামের নয়ন মল্লিকের ছেলে। তিনি পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ২৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হন বাবু। এরপর আর ফেরেননি। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, শুক্রবার (২৭ নভেম্বর) থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশালের মর্গে পাঠানো হয়েছে।







