মহাদেবপুরে গাছে ঝুলন্ত যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা
নওগাঁর মহাদেবপুরের মাতাজীহাটের সাতগ্রামে খাড়ির ব্রিজের কাছে গাছ থেকে বুধবার আসাদ (৩২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ এখনো মৃত্যুর কারণ নিশ্চিত করেনি। পরিবারের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যায় একজন ফোন করে তাঁকে ডেকে নেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।#Naogaon #Mahadebpur #Bangladesh #CrimeNews #MeehaNews

নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩২) নামের এক যুবকের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের কাছে একটি গাছ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। আসাদের পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ নিশ্চিত করেনি।
আসাদ উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে। তাঁর নানা হারুন পরিবারের বরাতে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে একজন আসাদকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন ফোন করলে তিনি ধরেননি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাঁর সন্ধান মেলেনি। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে খোঁজ করতে গিয়ে খাড়ির পাশের একটি গাছে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনেরা। মাতাজীহাট ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।





