দুবলার চরের পথে বোটের ইঞ্জিন বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড
রাস উৎসবে যোগ দিতে দুবলার চরে যাওয়ার পথে সুন্দরবনের রূপের গাং এলাকায় একটি বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। বোটের এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-এ ফোন করলে দুবলা আউটপোস্ট অভিযান চালিয়ে বোটসহ ২৯ জনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে। তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ চলছে।#Sundarbans #DublarChar #CoastGuard #Bangladesh #MeehaNews

রাস উৎসবে যোগ দিতে সুন্দরবনের দুবলার চরে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা একটি বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, ডাংমারি ফরেস্ট অফিস থেকে পাস নিয়ে শনিবার রাত ১১টায় বোটটি দুবলার চরের উদ্দেশে রওনা হয়। গতকাল রোববার রাত ৮টায় রূপের গাং এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর বোটটি নদীতে ভাসতে থাকে।
বিপাকে পড়ে বোটে থাকা এক পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ডের দুবলা আউটপোস্ট দ্রুত অভিযান চালায়। লইট্টা খালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে। তাঁদের গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কাজও চলছে।





