মূল কনটেন্টে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩
শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

গাজায় বৃষ্টির পানির জলাধার মেরামতে ইসরায়েলের বাধা

ইউনিসেফের অভিযোগ, গাজা সিটির শেখ রাদওয়ান বৃষ্টির পানির জলাধার মেরামতের সরঞ্জাম ঢুকতে দেয়নি ইসরায়েল। ৩০ লাখ ডলারের মেরামত প্রকল্প এক বছর ধরে ইসরায়েলি কর্তৃপক্ষ ও 'বোর্ড অব পিস'-এর সঙ্গে আলোচনায় ছিল। সম্প্রতি কোগাট তা প্রত্যাখ্যান করেছে। ভারী বৃষ্টিতে গাজার তাঁবুতে বালুর বাঁধ ধসে চারজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ মাঝারি থেকে উচ্চমাত্রার বন্যার ঝুঁকিতে।#Gaza #UNICEF #Israel #FloodRisk #MeehaNews

গাজা সিটিতে ভারী বৃষ্টির পর পানিতে ডোবা তাঁবুর আশপাশে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
ভারী বৃষ্টিতে গাজার আশ্রয়শিবিরে তাঁবুগুলো পানিতে তলিয়ে গেছে।

গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার বৃষ্টির পানি ধারণের জলাধার মেরামতের সরঞ্জাম ইসরায়েল ঢুকতে দেয়নি বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থাটির সতর্কবার্তা, ভারী বৃষ্টি হলে জলাধার উপচে আশপাশের এলাকায় বন্যা ও রোগের ঝুঁকি তৈরি হবে।

ইউনিসেফের কর্মকর্তা জেমস এল্ডার জানান, শেখ রাদওয়ান স্টর্মওয়াটার বেসিন (stormwater basin) ক্ষতিগ্রস্ত এবং এখন পয়ঃনিষ্কাশনের নোংরা পানিতে দূষিত। ভারী বৃষ্টিতে সেই পানি আশপাশের বসতি ও তাঁবুতে ছড়িয়ে পড়তে পারে।

এল্ডারের ভাষ্য, মেরামতের জন্য ৩০ লাখ ডলারের একটি পরিকল্পনা নিয়ে ইউনিসেফ এক বছর ধরে ইসরায়েলি কর্তৃপক্ষ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর সঙ্গে কাজ করছিল। গত কয়েক দিনে গাজায় মানবিক সহায়তা তদারকির দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক সংস্থা কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট) প্রকল্পটি প্রত্যাখ্যান করেছে। এল্ডারের ধারণা, নিরাপত্তার কারণে। হামাস সামরিক বা বেসামরিক কাজে ব্যবহার করতে পারে—এমন পণ্য ও সরঞ্জাম গাজায় ঢোকার ক্ষেত্রে ইসরায়েলের কঠোর নিয়ম রয়েছে। এ বিষয়ে মন্তব্য চাইলে কোগাট তাৎক্ষণিক সাড়া দেয়নি।

নোংরা পানি রাস্তা ও তাঁবুতে ছড়ালে শিশু ও পরিবারগুলো আবার আশ্রয়হীন হবে, রোগের ঝুঁকিও বাড়বে বলে সতর্ক করেন এল্ডার। তিনি বলেন, বিষয়টি ‘প্রতিরোধযোগ্য’ একটি মৃত্যুঝুঁকি হয়ে ওঠার আগেই জলাধারের সংস্কার হওয়া উচিত।

চলতি সপ্তাহের ভারী বৃষ্টিতে গাজার বিভিন্ন আশ্রয়শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাঁবু পানিতে ডুবে গেছে। বালুর বাঁধ ধসে তাঁবুর ওপর পড়ায় চারজন মারা গেছেন, তাদের মধ্যে তিনজন ছোট শিশু।

একই ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমায়ার বলেন, বন্যা, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্য ও পানি সেবার সংকটে গাজায় সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। তাঁর তথ্যমতে, প্রায় ১০ লাখ বাস্তুচ্যুত মানুষ মাঝারি থেকে উচ্চমাত্রার বন্যার ঝুঁকিতে আছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গাজার স্থানীয় কর্তৃপক্ষের দাবি, যুদ্ধে ইসরায়েল পানির অবকাঠামো ও পানি তোলার যানবাহন ধ্বংস করেছে।

গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজার পুনর্গঠনে তেমন অগ্রগতি নেই। হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে মতৈক্য না হওয়ায় প্রক্রিয়া আটকে আছে।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

Meeha Desk

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।