জিম্বাবুয়ের কাছে হারের পর যে সমীকরণের সামনে বাংলাদেশ
জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুরু হয়েছে হতাশায়। ২৭৩ রানের লক্ষ্যে শুরুর দশ ওভারে ৬৬ রান উঠলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যর্থ হয় দল। ফাইনালের আশা বাঁচাতে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জেতা পূর্বশর্ত। জিম্বাবুয়ে আফগানদের হারালে সমীকরণ সহজ হবে। আফগানিস্তান জিম্বাবুয়েকে এক রানে হারালেও বাংলাদেশকে শেষ ম্যাচে ন্যূনতম ৫০ রানে বা ৮ ওভার হাতে রেখে জিততে হবে। #BangladeshCricket #TriSeries #Zimbabwe #Afghanistan #MeehaNews

ত্রিদেশীয় সিরিজের শুরুটা এর চেয়ে বাজে হতেই পারত না বাংলাদেশের। আবুধাবিতে জিম্বাবুয়ের কাছে হেরেছে ৯৯ রানের বিশাল ব্যবধানে। ফলে সিরিজের ফাইনালে উঠতে এখন কঠিন এক সমীকরণ মেলাতে হবে দলকে।
ব্যাটিংয়েই খেই হারাল দল
লক্ষ্যটা খুব কঠিন ছিল না। ২৭৩ রানই তো মাত্র! শুরুর দশ ওভারে তানজিদ তামিমের ঝড়ে দল যখন ৬৬ রান তুলে ফেলল, তখন কাজটা আরও সহজ হয়ে যাওয়ার কথা ছিল। আসকিং রেট (asking rate) প্রায় পাঁচে চলে এসেছিল যে! সেখান থেকে কেবল উইকেট ধরে রাখলেই অনায়াসে রান তাড়া করা যেত।
কিন্তু সেই কাজটাই বাংলাদেশ করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়েছে। শুরুর উইকেটে ৪৭ রানের জুটির পর আর কোনো বড় জুটি পায়নি। দ্বিতীয় সর্বোচ্চ জুটিটা এসেছে দুই ‘বোলারের’ কাছ থেকে। তাসকিন আহমেদের সঙ্গে নবম উইকেটে রিশাদ হোসেন তুলেছেন ৩২ রান। এমন ব্যাটিংয়ে ২৭৩ রান তাড়া করে জেতা যায় না, বাংলাদেশ জেতেওনি।
ফাইনালের পথ
ত্রিদেশীয় এই সিরিজ সিঙ্গেল লিগ (single league) ফরম্যাটের। এই ফরম্যাটে প্রথম ম্যাচ হেরে বসলে ফাইনালের পথ অনেকটাই কঠিন হয়ে যায়। তবে কাজটা একেবারে অসম্ভব নয়। পূর্বশর্ত হলো আফগানিস্তানের বিপক্ষে জয়। সেটা করতে পারলেই ফাইনালের আশা থাকবে।
সিরিজের সূচি কাজটা তুলনামূলক সহজ করেছে। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আফগানিস্তান খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ফলে নিজেদের শেষ ম্যাচের আগেই সমীকরণ জেনে যাবে দল। আফগানিস্তান ম্যাচে নিজেদের করণীয় বুঝেই মাঠে নামতে পারবেন তাওহীদ হৃদয়রা।
কোন ফলে কী হিসাব
আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো ফল জিম্বাবুয়ের জয়। সে ক্ষেত্রে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত।
আফগানিস্তান জিম্বাবুয়েকে হারিয়ে দিলে হিসাব গোলমেলে হয়ে যাবে। তখন দেখতে হবে আফগানদের জয়ের ব্যবধান কত। রানরেটের হিসাবে আফগানিস্তান ১ রানে জিতলেও বাংলাদেশকে নিজেদের শেষ ম্যাচে অন্তত ৫০ রানে অথবা ৮ ওভার হাতে রেখে জিততে হবে।
আফগানদের জয়ের ব্যবধান বাড়লে বাংলাদেশের কাজও ধীরে ধীরে কঠিন হবে। ধরা যাক, আফগানিস্তান প্রথম ম্যাচটা ৫০ রানে জিতল। তখন শেষ ম্যাচে বাংলাদেশকে অন্তত ৭৫ রানে জিততেই হবে। জিম্বাবুয়েকেও ছাড়িয়ে যেতে হলে প্রয়োজন হবে ১৪৯ রানের জয়।
তবে কী হলে কী হবে, তা এখনই ভেবে বসা কষ্টকল্পনাই বটে। আপাতত সিরিজের দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ। সে ম্যাচে কামনা থাকবে জিম্বাবুয়ের জয়ের। সেটা হলেই সমীকরণ পরিষ্কার হয়ে যায়।





