কয়রায় আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেন এমপি আবুল কালাম আজাদ
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে কয়রা জামায়াত অফিসে অনুষ্ঠিত নির্বাচনী কর্মশালায় এমপি আবুল কালাম আজাদ কয়রায় আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন। তিনি বলেন, কয়রা জেলা ও বিভাগীয় শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হওয়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখানকার সবচেয়ে বড় সমস্যা। অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি কয়রাকে মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যের কথা জানান। #Koyra #Khulna #AbulKalamAzad #Jamaat #MeehaNews

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আবুল কালাম আজাদ বলেন, “উপকূলীয় জনপদ কয়রায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ এবং উন্নত উপজেলায় পরিণত করা হবে। অবহেলিত এ অঞ্চলের সার্বিক উন্নয়নে বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করে তা দ্রুত বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।”
তিনি বলেন, কয়রা জেলা ও বিভাগীয় শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হওয়ায় এবং মানসম্মত স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সবচেয়ে বড় সমস্যা। সে কারণেই এ উপজেলায় একটি হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হবে।
এমপি আরও বলেন, “কয়রা উপজেলার মানুষ দীর্ঘদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন রোধ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি।” সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি কয়রাকে মডেল উপজেলায় রূপান্তরের কথাও বলেন এবং স্থানীয় উন্নয়নকাজে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর খুলনা জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। জামায়াতের স্থানীয় নেতা ও তৃণমূলের কর্মী-সমর্থকেরাও উপস্থিত ছিলেন।





