ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা নিয়ে ট্রাম্প প্রশাসনে বিতর্ক: এনবিসি
এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা হবে কি না, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে আলোচনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখনো সিদ্ধান্ত নেননি। সমর্থকদের যুক্তি, এতে ইরানের ওপর চাপ বাড়বে এবং যুদ্ধ শেষ করার পথ খুলবে। বিরোধীদের আশঙ্কা, এতে ইরানের নেতৃত্ব আরও কঠোর হতে পারে, শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হতে পারে এবং মার্কিন কর্মকর্তারা প্রতিশোধের ঝুঁকিতে পড়তে পারেন। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যৌথ হামলার প্রথম দিনেই আলী খামেনি নিহত হন। সংঘাত প্রায় নয় মাস ধরে চলছে।#Iran #Trump #NBCNews #USIranWar #MeehaNews

ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে হত্যা করা হবে কি না, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে আলোচনা চলছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ মঙ্গলবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা ও আলোচনা সম্পর্কে অবগত আরেক ব্যক্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের কট্টরপন্থি নেতাদের সরিয়ে যুদ্ধের অবসান ঘটানোর উপায় হিসেবে বিষয়টি ভাবা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
প্রশাসনের একাংশের ধারণা, এমন অভিযানে তেহরানের ওপর চাপ বাড়বে এবং যুদ্ধ শেষ করার পথ তৈরি হবে। তাঁদের যুক্তি, এতে ইরানকে বার্তা দেওয়া যাবে যে ওয়াশিংটন চাইলে যেকোনো সময় নেতাদের খুঁজে বের করে হত্যা করতে পারে।
প্রশাসন ও সামরিক বাহিনীর ভেতরের বিরোধীরা বলছেন, ফল উল্টোও হতে পারে। তাঁদের আশঙ্কা, ইরানের অবশিষ্ট নেতৃত্ব আরও কঠোর অবস্থান নেবে এবং ভবিষ্যৎ শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হবে। মার্কিন কর্মকর্তাদের ওপর প্রতিশোধমূলক হামলার ঝুঁকিও বাড়বে বলে তাঁরা মনে করেন।
টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, এনবিসির দুই সূত্র জানিয়েছেন, বিকল্পটি আগেও খোলা ছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোয় যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের ভাবনার মধ্যে তা নতুন করে আলোচনায় এসেছে। প্রতিবেদনের প্রতিক্রিয়ায় প্রশাসনের এক কর্মকর্তা এনবিসিকে বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ ‘পূর্ণ কার্যকারিতার সঙ্গে চলবে’। তিনি আরও বলেন, ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র না পায়, তা নিশ্চিত করতে ট্রাম্পের সামনে ‘অনেক বিকল্প’ আছে। পেন্টাগন মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে। প্রথম দিনেই নিহত হন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সঙ্গে আরও কয়েকজন শীর্ষ সামরিক, গোয়েন্দা ও রাজনৈতিক নেতা। এরপর তাঁর ছেলে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বাবার মৃত্যুর ঘটনায় আহত হওয়ার পর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। প্রায় নয় মাস ধরে চলা সংঘাত এখনো থামেনি।
একই দিনে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ট্রাম্প আবার সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে ট্রাম্প কূটনৈতিক সমাধানই পছন্দ করেন বলে জানান তিনি। অন্যদিকে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরানের সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে না। শত্রুপক্ষ ভুল করলে সংঘাতের ভৌগোলিক পরিধি বদলে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ইরানি কর্তৃপক্ষ শর্তগুলো প্রকাশ করেনি। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এর মধ্যে আছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন নৌ অবরোধের অবসান এবং আটক করা ইরানি সম্পদ ছাড়।





