এপস্টিনের সঙ্গে মন্ত্রী পুরির একান্ত বৈঠকের ছবি, ভারতে পদত্যাগ দাবি বিরোধীদের
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশ করা এপস্টিন ফাইলের একটি ছবিতে ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরিকে জেফরি এপস্টিনের মুখোমুখি বসে থাকতে দেখা গেছে। ফ্রেমে তৃতীয় কেউ নেই। পুরি এর আগে বলেছিলেন, তিনি একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে এপস্টিনের সঙ্গে দেখা করেছিলেন। ছবি প্রকাশের পর তাঁর পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস ও তৃণমূলের নেতারা। পুরির দপ্তর বলেছে, তিনি কখনো দাবি করেননি যে এপস্টিনের সঙ্গে একা দেখা করেননি। দপ্তরের ভাষ্য, পেশাগত পরিবেশে এসব বৈঠক থেকে কোনো অন্যায়ের অনুমান করা যায় না।#India #Epstein #HardeepPuri #IndianPolitics #MeehaNews

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশ করা “এপস্টিন ফাইল”-এর একটি ছবি নিয়ে ভারতের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ছবিতে দেশটির পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরিকে যৌন অপরাধে দণ্ডিত মার্কিন ধনকুবের জেফরি এপস্টিনের মুখোমুখি বসে থাকতে দেখা যায়। ছবি প্রকাশ্যে আসার পর বিরোধী দলের নেতারা পুরির পদত্যাগ দাবি করেছেন।
ছবিগুলো চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত এপস্টিন ফাইলের “ডেটাসেট ৯”-এর অংশ। অন্তত দুটি ছবিতে দেখা যায়, স্যুট পরা পুরি আর কালো সোয়েটার পরা এপস্টিন কাগজপত্র ছড়ানো একটি টেবিলের দুই পাশে বসে আছেন। ফ্রেমে তৃতীয় কোনো ব্যক্তি নেই। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার জানিয়েছে, ডেটাসেটে একই বৈঠকের অন্তত ১০টি প্রায় একই রকম ছবি রয়েছে। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য সুপ্রিয়া শ্রীনেত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) ছবিগুলো শেয়ার করলে বিতর্ক ছড়ায়।
বিতর্কের কেন্দ্রে পুরির আগের বক্তব্য। দ্য ওয়্যারের তথ্যমতে, গত ১১ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পুরি বলেছিলেন, ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যে তিনি এপস্টিনের সঙ্গে “তিন বা সর্বোচ্চ চারবার” দেখা করেছেন। প্রথম সাক্ষাৎ হয়েছিল ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের (আইপিআই) প্রতিনিধিদলের অংশ হিসেবে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, পুরি তখন বলেছিলেন, এপস্টিনের সঙ্গে তাঁর কোনো “স্বতন্ত্র বৈঠক” হয়নি।
দ্য ওয়্যারকে দেওয়া বক্তব্যে পুরির দপ্তর জানিয়েছে, তিনি কখনো বলেননি যে এপস্টিনের সঙ্গে একা দেখা করেননি। তাঁর বক্তব্য ছিল প্রথম সাক্ষাৎ নিয়ে। ছবিটি কোন বৈঠকের, বা আগে-পরে সেখানে আর কেউ ছিলেন কি না, তা তাঁর মনে নেই। দপ্তরের ভাষ্য, পেশাগত পরিবেশে হওয়া এসব “কাজের বৈঠক” থেকে কোনো অন্যায়ের অনুমান করা যায় না। প্রকাশিত নথিতেও পুরির বিরুদ্ধে কোনো অন্যায়ের অভিযোগ নেই।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এক্সে লিখেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মুম্বাই সফরে এসেছেন, আর একই সময়ে মার্কিন বিচার বিভাগ ছবিটি প্রকাশ করেছে। তিনি বিজেপি ও আরএসএসের কর্মীদের উদ্দেশে প্রশ্ন তোলেন, সরকারকে কি ব্ল্যাকমেল করা হচ্ছে? তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র ব্যঙ্গ করে লিখেছেন, প্রতিনিধিদলের বাকিরা কি টেবিলের নিচে লুকিয়ে ছিলেন। কংগ্রেস নেতা পবন খেরার দাবি, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে পুরি ও এপস্টিনের মধ্যে ৬২টি ই-মেইল আদান-প্রদান হয়েছে, আর এখন পর্যন্ত ১৪টি সাক্ষাতের কথা জানা গেছে।
এ বিষয়ে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এপস্টিন ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্কের কাছে যৌনকর্মের প্রস্তাব দেওয়ার অভিযোগ স্বীকার করেছিলেন। ২০১৯ সালে যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় কারাগারে তাঁর মৃত্যু হয়।





