লাইট কিনে দেওয়ার কথা বলে শিশু অপহরণ, আটক ইমাম
৭ নভেম্বর রাতে মেলান্দহের ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়। ২১ নভেম্বর ভোরে তাকে জামালপুর রেলওয়ে স্টেশনে পাওয়া যায়। অভিযোগ, ইমাম আবু রায়হান (২৭) লাইট কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে যান এবং মুক্তিপণ হিসেবে ৪৫ হাজার টাকা আদায় করেন। ২৩ নভেম্বর স্বজনেরা আবু রায়হানকে আটক করে পুলিশে দেন। ২৪ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। ওসির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দায় স্বীকার করেছেন। চলতি বছর ঢাকার বাড্ডা থানায়ও তাঁর বিরুদ্ধে একটি অপহরণ মামলা আছে।#Jamalpur #Melandah #Kidnapping #ChildSafety #MeehaNews

জামালপুরের মেলান্দহে ওয়াজ মাহফিল থেকে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক ইমামকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতের নির্দেশে আবু রায়হানকে (২৭) কারাগারে পাঠানো হয়। তিনি জামালপুর সদর উপজেলার পাথালিয়ার বাসিন্দা। সরিষাবাড়ীর চর হেলেঞ্চাবাড়ীর একটি মসজিদে ইমামতি করতেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর রাতে মেলান্দহের একটি মাঠসংলগ্ন এলাকায় ওয়াজ মাহফিলে গিয়েছিল শিশুটি। মাহফিল শেষে অন্যরা বাড়ি ফিরলেও সে ফেরেনি। পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন।
এজাহারের অভিযোগ, মাহফিল চলার সময় লেজার লাইট কিনে দেওয়ার কথা বলে আবু রায়হান শিশুটিকে বাইরে নিয়ে যান। পরে চর হেলেঞ্চাবাড়ীর ওই মসজিদে নিজের থাকার কক্ষে তাকে আটকে রাখেন। ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি প্রথমে দুই লাখ টাকা মুক্তিপণ চান। দর-কষাকষির পর ৪৫ হাজার টাকায় রফা হয়। ১৯ নভেম্বর দুই দফায় ২৫ হাজার ও ২০ হাজার টাকা বিকাশে পাঠান শিশুটির বাবা।
অভিযোগ অনুযায়ী, টাকা পাওয়ার পরও শিশুটিকে ছাড়া হয়নি। উল্টো তাকে মারধর করা হয়, এতে তার কান, চোখ ও হাতে আঘাত লাগে। ২১ নভেম্বর ভোর ৪টার দিকে আবু রায়হান শিশুটিকে জামালপুর রেলওয়ে স্টেশনে রেখে তার বাবাকে ফোনে জানান। বাবা সেখান থেকে ছেলেকে বাড়ি নিয়ে যান।
শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ নভেম্বর বিকেলে স্বজনেরা স্থানীয় লোকজনের সহায়তায় চর হেলেঞ্চাবাড়ীর মসজিদ থেকে আবু রায়হানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। শিশুটির বাবা মেলান্দহ থানায় অপহরণ মামলা করেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু রায়হান ঘটনার দায় স্বীকার করেছেন। চলতি বছর ঢাকার বাড্ডা থানায়ও তাঁর বিরুদ্ধে একটি অপহরণ মামলা আছে। সর্বশেষ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।





