সাতক্ষীরায় নবগঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আলিপুর সোনালী পেট্রলপাম্পের সামনে আলিপুর ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৭ নম্বর আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আবদুর রউফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১০৬ সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
বক্তব্যে আবদুর রউফ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের সরকার। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে পরাজিত হলেও আমার দল ক্ষমতায়। তাই আমি মনে করি, আমি বিজয়ী। আমাদের হাত দিয়েই হবে সাতক্ষীরার উন্নয়ন।”
তিনি আরও বলেন, অবহেলিত সাতক্ষীরার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তরে দপ্তরে জমা দিয়েছেন। পর্যায়ক্রমে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। রউফ বলেন, “সাতক্ষীরার উন্নয়নে আমি আপনাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল বিএনপির রাজপথের আন্দোলন-সংগ্রামের অন্যতম শক্তি।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু ও সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল-সিয়াম। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ এবং জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, জ্যেষ্ঠ সহসভাপতি মনজুরুল কবির বাপ্পি, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম। সংবর্ধনা দেওয়ায় তারা আবদুর রউফকে ধন্যবাদ জানান। দলের চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে ভবিষ্যতেও রউফকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা। জেলা যুবদল ও ছাত্রদল তার পক্ষে কাজ করবে বলেও জানান নেতারা।
আলোচনা শেষে আবদুর রউফের পক্ষ থেকে নবগঠিত জেলা যুবদল ও ছাত্রদলের নেতাদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু, ভোমরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাদ্দাম হোসেন, আলিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগার আলী, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসেন টিটু ও সাধারণ সম্পাদক শেখ মামুন উর রশিদসহ জেলা যুবদল, জেলা ছাত্রদল ও আলিপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।














মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই লিখুন।