মূল কনটেন্টে যান
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩
শনিবার ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
অনুসন্ধানী ও সর্বশেষ বাংলা সংবাদ
সর্বশেষ

নিউ অরলিন্সে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরি, সবাই উদ্ধার

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ট্যাংকার আটলান্টিক অ্যাসফাল্ট প্রমোদতরি আমেরিকান হেরিটেজকে ধাক্কা দেয়। এতে প্রমোদতরিটি উল্টে যায়। জাহাজে থাকা ১৮০ জন যাত্রী ও ক্রুর সবাইকে উদ্ধার করা হয়েছে, কেউ নিখোঁজ নেই। ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, কারও অবস্থা গুরুতর নয়। কোস্টগার্ডের ধারণা, ট্যাংকারের স্টিয়ারিংয়ে ত্রুটি দেখা দিয়েছিল। প্রকৃত কারণ এখনো অজানা, তদন্ত করবে এনটিএসবি।#NewOrleans #MississippiRiver #CruiseShip #TankerCollision #MeehaNews

মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় কাত হয়ে যাওয়া প্রমোদতরি আমেরিকান হেরিটেজ
নিউ অরলিন্স বন্দরের কাছে ট্যাংকারের ধাক্কায় উল্টে যাওয়া প্রমোদতরি

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় যাত্রীবাহী প্রমোদতরি আমেরিকান হেরিটেজ (American Heritage) উল্টে গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ঘটা এ দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৮০ জন যাত্রী ও ক্রুর সবাইকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই। আহত ৩২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানিয়েছেন, তাঁদের কারও আঘাত গুরুতর নয়।

উদ্ধার অভিযানের পর মেয়র বলেন, মিসিসিপি নদীতে এমন ঘটনায় একজনও নিখোঁজ না থাকা সত্যিই অলৌকিক।

পোর্ট অব নিউ অরলিন্সের তথ্য অনুযায়ী, আটলান্টিক অ্যাসফাল্ট (Atlantic Asphalt) নামের ট্যাংকারটি বন্দরের প্রশাসনিক ভবনের কাছে নোঙর করা প্রমোদতরিকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, আকারে অনেক বড় ট্যাংকারের ধাক্কায় ধাতব কাঠামো ও কাচ ভেঙে পড়ছে। কয়েক মিনিটের মধ্যে প্রমোদতরিটি একদিকে কাত হয়ে পরে উল্টে যায়। তখনো উদ্ধারকর্মীরা যাত্রীদের সরিয়ে নিচ্ছিলেন।

জাহাজে পানি ঢুকতে শুরু করলে বহু যাত্রী ও কর্মী নদীতে পড়ে যান। টাগবোটের চালক, আশপাশের কর্মী, পুলিশ ও অন্য উদ্ধারকর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করেন। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত দুজন পুলিশ সদস্যও ছিলেন। নদীর পানির তাপমাত্রা ছিল প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। নিউ অরলিন্স বন্দরের কাছে কর্মরত ডেভন ফ্লানাগান ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রমোদতরি কাত হয়ে আছে, যাত্রীরা পানিতে ভাসছেন। তিনি বলেন, বিভিন্ন কোম্পানির বার্জসহ নানা জাহাজ উদ্ধারে এগিয়ে এসেছিল, তবে পানিতে মানুষ থাকায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহামের ধারণা, ট্যাংকারের স্টিয়ারিং বা দিকনিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত করবে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)। আকাশপথে সমস্যার কারণে দেশজুড়ে সব ফ্লাইট বন্ধ থাকায় সংস্থাটির কর্মকর্তারা শুরুতে নিউ অরলিন্সে পৌঁছাতে পারেননি।

আহত না হওয়া যাত্রীদের কাছের একটি মিলনায়তনে নেওয়া হয়। সেখানে প্রমোদতরির কর্মকর্তারা তালিকা ধরে সবার উপস্থিতি নিশ্চিত করেন। মেয়র জানান, অনেকের পরিচয়পত্র, এমনকি গাড়ির চাবিও হারিয়ে গেছে। যাত্রীদের বেশির ভাগ অন্য শহর থেকে এসেছিলেন। তাঁদের ফোনের চার্জার, খাবার, হোটেল ও পরিবহন প্রয়োজন।

পাঁচতলা প্রমোদতরিটি ২০১৫ সালে নির্মিত। এটি পরিচালনা করে আমেরিকান ক্রুজ লাইনস। জাহাজটিতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী ধারণের সক্ষমতা আছে। লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্য ঘুরে আট দিনের ভ্রমণ শেষে এটি নিউ অরলিন্সে ফিরেছিল।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ১৬০ মিটার দীর্ঘ ট্যাংকারটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী। এর মালিক চীনের রাষ্ট্রায়ত্ত চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান, যেটি লাইবেরিয়ায় নিবন্ধিত। জাহাজটি সড়ক নির্মাণ ও ছাদ তৈরিতে ব্যবহৃত অ্যাসফাল্ট ও বিটুমিন পরিবহনে বিশেষায়িত। শুক্রবার বিকেলে মন্তব্য চেয়ে ই-মেইল পাঠানো হলেও চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের জবাব মেলেনি।

টুলেন বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক আইন বিশেষজ্ঞ মার্টিন ডেভিস বলেন, কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ভিডিওতে ট্যাংকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থায় বড় ধরনের ত্রুটির ইঙ্গিত পাওয়া যায়। তাঁর মতে, ট্যাংকারটি স্রোতের বিপরীতে ধীরে উজানে যাচ্ছিল। এ অবস্থায় এমন দুর্ঘটনা মানে গুরুতর সমস্যা তৈরি হয়েছিল। যাত্রীরা যখন প্রমোদতরি থেকে নামছিলেন, তখনই সংঘর্ষ হওয়াকেও তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেছেন।

প্রতিবেদনটি আপনার কাছে কেমন লাগল?

আন্তর্জাতিক ডেক্স

মিহা নিউজ

এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল চোখে পড়লে সংশোধনী নীতি অনুযায়ী আমাদের জানান।

মন্তব্য

মন্তব্য দেখতে বা লিখতে চাপ দিন। মন্তব্য সম্পাদকীয় নীতিমালা মেনে প্রকাশ হয়।

মিহা স্পেশাল

আজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঠের রং

এখন যা বেশি খোঁজা হচ্ছে

যেকোনো পাতায় / চাপলেই খোঁজ খুলবে। ফলাফলে বিভাগ, তারিখ ও ধরন দিয়ে ছাঁকতে পারবেন।