কুড়িগ্রামে রাতে শিলাবৃষ্টি, পাকতে শুরু করা আমন নিয়ে শঙ্কায় কৃষক
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর ও রাজারহাটসহ কয়েকটি এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। স্থানীয়দের তথ্যমতে, শিলাবৃষ্টি স্থায়ী ছিল দুই থেকে তিন মিনিট। পাকতে শুরু করা রোপা আমনের ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। এখনো ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।#Kurigram #Hailstorm #AmanPaddy #Agriculture #MeehaNews

কুড়িগ্রাম সদর ও রাজারহাটসহ জেলার কয়েকটি এলাকায় রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে থাকা রোপা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা, বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। শিলাবৃষ্টি স্থায়ী ছিল দুই থেকে তিন মিনিট।
সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, তাঁর মাঠে উঠতি আমন ধান আছে। কী পরিমাণ ক্ষতি হলো, তা নিয়ে তিনি চিন্তায় আছেন। একই এলাকার আমনচাষি সামছুল হকের কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছিল। তাঁর আশঙ্কা, ঠিক এই সময়ের শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করার কথা জানিয়ে তিনি বলেন, এমন দুর্যোগে পড়লে কৃষকেরা কীভাবে টিকবেন।
শিলাবৃষ্টির পরিমাণ ও বৃষ্টিপাতের সুনির্দিষ্ট তথ্য জানতে রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন ধরেননি। রাত হওয়ায় কৃষি বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।
জেলায় এ বছর ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।





